যুক্তরাষ্ট্রের পথে চীনের জোড়া জায়ান্ট পান্ডা, থাকবে ১০ বছর

· Prothom Alo

চীন দুটি জায়ান্ট পান্ডা যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। আজ রোববার স্থানীয় সময় ভোরে চেংডু শুয়াংলিউ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভাড়ায় নেওয়া একটি উড়োজাহাজে পান্ডা দুটি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়।

ওয়াশিংটনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সফরের পর দুই দেশের সম্পর্কের প্রতীকী নানা তৎপরতার মধ্যে পান্ডা দুটির যাত্রা শুরু হলো।

Visit asg-reflektory.pl for more information.

পান্ডা হস্তান্তরের বিষয়টি অবশ্য আগেই চূড়ান্ত হয়েছিল। তবে সি চিন পিংয়ের ওয়াশিংটন সফরের সময় গত বৃহস্পতিবার তাদের যুক্তরাষ্ট্রে পাঠানোর ঘোষণা দেওয়া হয়। বিদেশি সম্পর্ক জোরদারে চীনের ‘পান্ডা কূটনীতি’ কর্মসূচির আওতায় ঋণ হিসেবে বিভিন্ন দেশে এই সাদা-কালো স্তন্যপায়ী প্রাণী পাঠানো হয়।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, পান্ডা দুটির নাম হলো পিং পিং ও ফু শুয়াং। গতকাল দিবাগত রাত তিনটার দিকে পান্ডা দুটিকে বহনকারী উড়োজাহাজ চেংডু শুয়াংলিউ আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার একটি চিড়িয়াখানায় আগামী ১০ বছর তারা থাকবে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, ১৫ ঘণ্টার দীর্ঘ যাত্রায় পান্ডা দুটির খাবারের জন্য ভাপে তৈরি ভুট্টার বান, বাঁশের কঞ্চি ও গাজর রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিজ্ঞ পরিচর্যাকারীরাও উড়োজাহাজে পান্ডা দুটির সঙ্গে আছেন।

ফেডএক্স পরিচালিত বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি আলাস্কার কাছাকাছি পৌঁছানোর সময় উড়োজাহাজ চলাচল–সংক্রান্ত তথ্যের প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪-এ সবচেয়ে বেশি অনুসরণ করা উড়োজাহাজ ছিল। সে সময় উড়োজাহাজটি যাত্রাপথের প্রায় অর্ধেক অতিক্রম করেছে।

চেংডু রিসার্চ বেস অব জায়ান্ট পান্ডা ব্রিডিং বিদায়ের আগে পান্ডা দুটির জন্য একটি বিদায় অনুষ্ঠান আয়োজন করেছে।

ট্রাম্প-সি বৈঠকে অর্জন কম, তাতেও কেন খুশি চীন

এদিকে পান্ডা দুটির আগমন উপলক্ষে জু আটলান্টা তাদের জন্য নির্ধারিত স্থাপনা সংস্কার করেছে এবং প্রাণী পরিচর্যার জন্য একটি দল গঠন করেছে। আটলান্টায় স্থানীয়ভাবে উৎপাদিত বাঁশের স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি সরবরাহও নিশ্চিত করেছে চিড়িয়াখানাটি। আটলান্টার জলবায়ু চীনের চেংডুর সঙ্গে অনেকটা মিল রয়েছে।

১৯৯৯ সাল থেকে ২৫ বছর ধরে জু আটলান্টায় চীনের কাছ থেকে ঋণ নেওয়া পান্ডা ছিল। তবে ২০২৪ সালের পর সেখানে আর কোনো পান্ডা ছিল না।

পিং পিং ও ফু শুয়াং—দুটি পান্ডারই জন্ম ২০২০ সালে। পুরুষ পিং পিংয়ের বয়স এখন ছয় বছর। আর নারী ফু শুয়াং আগামী মাসে ছয় বছরে পা দেবে। বন্দী অবস্থায় পান্ডারা সাধারণত প্রায় ৩০ বছর বেঁচে থাকে।

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার একটি চিড়িয়াখানায় আগামী ১০ বছর থাকবে পিং পিং ও ফু শুয়াং

কয়েক দশক ধরে চীনের কূটনৈতিক সদিচ্ছার ‘সফট পাওয়ার’ দূত হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে পান্ডা পাঠানো হচ্ছে। ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের ঐতিহাসিক চীন সফরের পর ওয়াশিংটনকে এক জোড়া পান্ডা উপহার দিয়েছিল বেইজিং।

চলতি বছরের শুরুর দিকে জাপান থেকে চীনের দুটি পান্ডা ফিরিয়ে নেওয়া হয়। তাইওয়ানে হামলা হলে টোকিও সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে—জাপানের প্রধানমন্ত্রী এমন ইঙ্গিত দেওয়ার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক বিরোধ শুরু হয়েছিল। এর পরিপ্রেক্ষিতেই পান্ডা দুটি ফিরিয়ে নেয় বেইজিং।

Read full story at source