লক্ষ্মীপুরে ৫ ঘণ্টায় ২৪৪ কিশোর আটক, যে কারণ জানাল পুলিশ
· Prothom Alo

লক্ষ্মীপুর জেলার ছয়টি থানা ও গোয়েন্দা পুলিশের অভিযানে ২৪৪ জন কিশোরকে আটক করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ৫ ঘণ্টার অভিযানে তাঁদের আটক করা হয়।
জেলা পুলিশ সুপারের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়েছে। কিশোরদের মধ্যে ৪২ জনকে লক্ষ্মীপুর সদর, ২১ জনকে চন্দ্রগঞ্জ, ৪৪ জনকে রায়পুর, ৩৭ জনকে রামগঞ্জ, ৪৪ জনকে রামগতি ও ৫৬ জনকে কমলনগর থেকে আটক করা হয়।
Visit bettingx.bond for more information.
পুলিশ জানায়, সম্প্রতি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে কিশোরদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে কিশোর গ্যাংবিরোধী এই অভিযান পরিচালিত হয়েছে। আটক কিশোরদের জিজ্ঞাসাবাদ করে তাদের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে আটকের বিষয়টি রাতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী। বিজ্ঞপ্তিতে বলা হয়, কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে—জেলার এমন স্থানে অভিযান পরিচালনা করে ২৪৪ জনকে আটক করা হয়েছে। তাদের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। উঠতি বয়সী কিশোরেরা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ রোধ করতে জেলা পুলিশ বদ্ধপরিকর।
জানতে চাইলে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহেদ পারভেজ বলেন, আটক কিশোরদের আগের কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ততা আছে কি না, তা যাচাই করা হচ্ছে। যেসব এলাকায় বখাটেদের উৎপাত রয়েছে, সেখানে অভিযান চালানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কুমিল্লায় ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার পর কিশোর গ্যাং সারা দেশে নতুন করে আলোচনায় আসে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
১৮ সেপ্টেম্বর দুপুরে কোটবাড়ির গন্ধমতী এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।