৬৪ বছর বয়সে তৃতীয় বিয়ে করলেন জিম ক্যারি
· Prothom Alo

হলিউডের জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী জিম ক্যারি আবারও বিয়ে করেছেন। ৬৪ বছর বয়সে দীর্ঘদিনের প্রেমিকা মিন আহকে বিয়ে করেছেন তিনি। গত কয়েক বছর নিজেদের সম্পর্ককে আলোচনার বাইরে রেখেছিলেন দুজন। তাই বিয়ের খবরটি প্রকাশ্যে আসার পর ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।
Visit umafrika.club for more information.
জিম ক্যারির মুখপাত্র গত ৩০ সেপ্টেম্বর মার্কিন সাময়িকী ‘পিপল’-কে তাঁদের বিয়ের খবর নিশ্চিত করেছেন। তবে কবে, কোথায় এবং কীভাবে বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
মিন আহর সঙ্গে জিম ক্যারির সম্পর্কের কথা অনেক দিন ধরেই জানা ছিল ঘনিষ্ঠমহলে। কিন্তু প্রকাশ্যে খুব কমই একসঙ্গে দেখা গেছে তাঁদের। চলতি বছরের ফেব্রুয়ারিতে ফ্রান্সে অনুষ্ঠিত সিজার অ্যাওয়ার্ডসের আসরে দুজনকে একসঙ্গে দেখা যায়। বিয়ের খবর প্রকাশের প্রায় সাত মাস আগে সেটিই ছিল তাঁদের বহুল আলোচিত প্রকাশ্য উপস্থিতিগুলোর একটি।
মঞ্চে প্রেমিকার প্রতি ভালোবাসা
সিজার অ্যাওয়ার্ডসের সেই অনুষ্ঠানেই মিন আহকে নিয়ে প্রকাশ্যে নিজের অনুভূতির কথা বলেছিলেন জিম ক্যারি। পুরো বক্তব্যই তিনি দিয়েছিলেন ফরাসি ভাষায়। বক্তব্যে প্রথমে নিজের পরিবার-মেয়ে জেন ও নাতি জ্যাকসনের প্রতি ভালোবাসা জানান অভিনেতা। এরপর মিন আহর প্রসঙ্গ টেনে তাঁকে নিজের ‘অসাধারণ সঙ্গী’ হিসেবে উল্লেখ করেন।
মিন আহকে উদ্দেশ করে জিম বলেছিলেন, ‘আমি তোমাকে ভালোবাসি’। সেই সময় মেয়ে, নাতি ও মিন আহ—তিনজনই দর্শকদের কাছ থেকে করতালি পেয়েছিলেন।
সেই বক্তব্যে নিজের প্রয়াত বাবা পার্সি জোসেফ ক্যারির কথাও স্মরণ করেন অভিনেতা। বাবার কাছ থেকেই ভালোবাসা, উদারতা ও হাসির মূল্য শিখেছেন বলে জানান তিনি।
কয়েক বছর ধরেই সম্পর্ক
জিম ক্যারি ও মিন আহ ঠিক কবে থেকে সম্পর্কে রয়েছেন, তা তাঁরা কখনো প্রকাশ্যে জানাননি। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে লস অ্যাঞ্জেলেসে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার ছবি প্রকাশিত হয়েছিল।
জাড অ্যাপাটোর আয়োজিত একটি দাতব্য কৌতুক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর দুজনকে একসঙ্গে বের হতে দেখা যায়। সেই সময় থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। এরপরও ব্যক্তিজীবন নিয়ে খুব বেশি কথা বলেননি জিম।
হলিউডের আলোঝলমলে জীবন থেকে বরং দূরে থাকতেই গত কয়েক বছর আগ্রহী ছিলেন অভিনেতা। ২০২২ সালে ‘সনিক দ্য হেজহগ ২’ ছবির প্রচারে গিয়ে অভিনয় থেকে বিরতি নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি।
তখন জিম বলেছিলেন, সোনালি কালিতে লেখা কোনো অসাধারণ চিত্রনাট্য যদি তাঁর হাতে আসে এবং মনে হয় সেটি মানুষের দেখা গুরুত্বপূর্ণ, তাহলে হয়তো আবার কাজ করবেন। তবে আপাতত তিনি বিরতি নিতে চান।
হলিউডের বাইরে শান্ত জীবন
অভিনয় থেকে দূরে থাকার সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে জিম ক্যারি জানিয়েছিলেন, শান্ত জীবন তিনি বেশ উপভোগ করছেন। ছবি আঁকা, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং আধ্যাত্মিক জীবন নিয়ে ব্যস্ত থাকতেই তাঁর ভালো লাগে।
এমনকি সে সময় অভিনেতা বলেছিলেন, জীবনে তাঁর ‘যথেষ্ট’ আছে। জিমের সেই বক্তব্যের কয়েক বছর পর এবার তাঁর জীবনে যুক্ত হলো নতুন অধ্যায়। দীর্ঘদিনের প্রেমিকা মিন আহকে বিয়ে করে তৃতীয়বারের মতো সংসার শুরু করলেন তিনি।
জিম ক্যারির আগের দুই বিয়ে
মিন আহর আগে জিম ক্যারির জীবনে আরও দুটি বিয়ে হয়েছে। ১৯৮৭ সালে তিনি বিয়ে করেছিলেন মেলিসা ওমারকে। তাঁদের একমাত্র সন্তান জেন ক্যারি। প্রায় আট বছর সংসার করার পর ১৯৯৫ সালে তাঁদের বিচ্ছেদ হয়।
এর পরের বছর, ১৯৯৬ সালে ‘ডাম্ব অ্যান্ড ডাম্বার’ ছবির সহশিল্পী লরেন হলিকে বিয়ে করেন জিম। তবে সেই সংসার টেকেনি বেশি দিন। এক বছরের মধ্যেই, ১৯৯৭ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।
চারবার বিয়ে থেকে বিতর্কিত রাজনৈতিক দর্শন, বার্দোকে কতটা চেনেনপরে ‘কিডিং’ সিরিজের সহশিল্পী জিঞ্জার গনজাগার সঙ্গে সম্পর্কে জড়ান জিম। ২০১৯ সালের জানুয়ারিতে গোল্ডেন গ্লোবসের একটি অনুষ্ঠানে প্রথমবার তাঁদের একসঙ্গে লালগালিচায় দেখা যায়। তবে সেই সম্পর্কও এক বছরের মধ্যে ভেঙে যায় বলে সে সময় মার্কিন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল।
এরপর নিজের ব্যক্তিজীবন নিয়ে অনেকটাই নীরব ছিলেন জিম। মিন আহর সঙ্গে সম্পর্কের বিষয়টিও তাই দীর্ঘদিন ছিল অনেকটা আড়ালে।
আবার বড় পর্দায় জিম ক্যারি
ব্যক্তিজীবনে নতুন অধ্যায় শুরুর পাশাপাশি পেশাগত জীবনেও নতুন ব্যস্ততা অপেক্ষা করছে জিম ক্যারির জন্য।
ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি গত আগস্টে নিশ্চিত করেছে, জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ ‘দ্য জেটসনস’-এর লাইভ-অ্যাকশন চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করবেন জিম। দীর্ঘদিন ধরে নির্মাণের পরিকল্পনায় থাকা ছবিটি হবে ‘সনিক দ্য হেজহগ’ সিরিজের বাইরে এক দশকের বেশি সময় পর তাঁর প্রথম বড় স্টুডিও লাইভ-অ্যাকশন প্রকল্প।
ছবিটি পরিচালনা ও চিত্রনাট্য লেখার জন্য কলিন ট্রেভোরোর সঙ্গে আলোচনা চলছে। জো এপস্টেইনের সঙ্গে চিত্রনাট্য লেখার কথাও রয়েছে তাঁর। ১৯৬২ সালে শুরু হওয়া ‘দ্য জেটসনস’-এ ভবিষ্যতের এক শহরে জর্জ জেটসন ও তাঁর পরিবারের জীবন তুলে ধরা হয়েছিল।
এদিকে ‘সনিক দ্য হেজহগ ৪’ ছবিতেও ড. রোবটনিক চরিত্রে ফেরার কথা রয়েছে জিম ক্যারির। ছবিটি ২০২৭ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ২০০০ সালের জনপ্রিয় ছবি ‘হাউ দ্য গ্রিঞ্চ স্টোল ক্রিসমাস’-এর সম্ভাব্য সিক্যুয়েল নিয়েও আলোচনা চলছে। সেই ছবিতে আইকনিক গ্রিঞ্চ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।