বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ বাড়ানোর আহ্বান

· Prothom Alo

বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে দুই দেশের বাণিজ্য আরও ভারসাম্যপূর্ণ ও বহুমুখী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

Visit freshyourfeel.org for more information.

আজ রোববার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতি। এ সময় দুই দেশের অর্থনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ বৃদ্ধি ও পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানে গুরুত্ব দেওয়া হয়।

মো. মোস্তাকুর রহমান বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি ও বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরে বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। পাশাপাশি দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও ভারসাম্যপূর্ণ করতে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় তৈরি পোশাক, ইলেকট্রনিক পণ্য, ওষুধসহ বিভিন্ন পণ্যের রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তিনি।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি।

সাক্ষাৎকালে ইন্দোনেশিয়ার পক্ষ থেকে ওয়াহিউ রিয়াদি, রবি ফিরলি হারখা ও সাপতো রুদিয়ান্তো উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন ও নির্বাহী পরিচালক মো. হারুন-অর-রশিদ উপস্থিত ছিলেন।

Read full story at source