‘সশস্ত্র বাহিনীর পরিবারের সন্তান, বলিউডে গডফাদার নেই’

· Prothom Alo

ভারতের আয়কর দপ্তরের সাম্প্রতিক তল্লাশি নিয়ে ছড়ানো খবরের মধ্যে নিজের নাম জড়িয়ে যাওয়ায় ক্ষুব্ধ রাকুল প্রীত সিং। অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যে তল্লাশি নিয়ে এত আলোচনা, সেটি তাঁর বিরুদ্ধে বা তাঁর সঙ্গে সম্পর্কিত ছিল না। শুধু তা-ই নয়, কোনো ধরনের অবৈধ বিদেশি অর্থ লেনদেন, বেনামি সম্পত্তি কিংবা দামি উপহার পাওয়ার অভিযোগও সরাসরি অস্বীকার করেছেন তিনি। একই সঙ্গে তথ্য যাচাই না করে খবর প্রকাশের জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও অনলাইন প্রতিবেদকদেরও সমালোচনা করেছেন।

আজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দীর্ঘ বিবৃতিতে রাকুল বলেন, খবরকে চাঞ্চল্যকর করার প্রবণতা দিন দিন বাড়ছে। অথচ প্রকাশের আগে তথ্য যাচাই করা হচ্ছে না। তাঁর দাবি, এ ধরনের ভুল বা অনুমাননির্ভর খবর শুধু বিভ্রান্তিই ছড়ায় না, একজন মানুষের সুনাম ও পেশাজীবনও ক্ষতিগ্রস্ত করতে পারে।

Visit forestarrow.help for more information.

কী নিয়ে এত আলোচনা
ঘটনার সূত্রপাত গত ২৮ সেপ্টেম্বর। সেদিন মুম্বাইয়ের আয়কর দপ্তর বলিউডের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১২টি স্থানে তল্লাশি চালায়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, তল্লাশির আওতায় ছিল অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের সঙ্গে যুক্ত কিছু জায়গা, তাঁর শ্বশুর ও চলচ্চিত্র প্রযোজক ভাশু ভগনানির সঙ্গে সম্পর্কিত স্থান এবং কুমার মঙ্গত পাঠকের প্যানোরামা স্টুডিওস।

তদন্তের কেন্দ্রে ছিল কথিত আর্থিক অনিয়ম। আয়কর কর্মকর্তারা নথিপত্র, আর্থিক হিসাব ও বিদেশে অর্থ লেনদেনের তথ্য যাচাই করছিলেন বলে একাধিক প্রতিবেদনে জানানো হয়। অভিযোগের একটি দিক ছিল, চলচ্চিত্রে অর্থায়নের নামে কোনো অর্থ বিদেশে পাঠানো হয়েছিল কি না। সম্ভাব্য কর ফাঁকি ও বিদেশি অর্থ লেনদেনের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এই তল্লাশির খবর প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে রাকুলকে ঘিরে নানা জল্পনা শুরু হয়। কিছু প্রতিবেদনে তাঁর নামও তল্লাশির সঙ্গে এমনভাবে উঠে আসে, যাতে মনে হতে পারে তিনিও তদন্তের সরাসরি আওতায় রয়েছেন। সেই জায়গাতেই আপত্তি অভিনেত্রীর।

রাকুল প্রীত সিং

‘তল্লাশি আমার সঙ্গে সম্পর্কিত নয়’
৫ অক্টোবর নিজের বক্তব্যে রাকুল বলেন, ‘তথ্য যাচাই না করেই খবরকে চাঞ্চল্যকর করার যে প্রবণতা তথাকথিত অনলাইন প্রতিবেদক ও কিছু মূলধারার সংবাদমাধ্যমের সাংবাদিকদের মধ্যে বাড়ছে, তা হৃদয়বিদারক। তাই বিষয়টি একবারের জন্য পরিষ্কার করে দিতে চাই—তল্লাশিটি আমার সঙ্গে সম্পর্কিত ছিল না।’

নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে ব্যক্তিগত পরিচয় ও ক্যারিয়ারের কথাও তুলে ধরেছেন অভিনেত্রী। জানিয়েছেন, তিনি সশস্ত্র বাহিনীর পরিবারের সন্তান। বলিউডে তাঁর কোনো ‘গডফাদার’ ছিল না। নিজের পরিশ্রমেই জায়গা তৈরি করেছেন।
রাকুলের ভাষায়, ‘আমি সশস্ত্র বাহিনীর পরিবারের সন্তান এবং ইন্ডাস্ট্রিতে আমার কোনো গডফাদার ছিল না। কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের জায়গা তৈরি করেছি। একজন দায়িত্বশীল, আইন মেনে চলা নাগরিক হিসেবে ২০ বছর বয়স থেকেই নিয়মিত কর দিয়ে আসছি।’

বিদেশে অবৈধ অর্থ পাঠানোর অভিযোগও নাকচ
তদন্ত ঘিরে সবচেয়ে গুরুতর যে বিষয়টি আলোচনায় এসেছে, সেটি হলো বিদেশে অর্থ পাঠানোর অভিযোগ। রাকুল পরিষ্কার করে দিয়েছেন, ব্যক্তিগতভাবে কিংবা কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের হয়ে তিনি এ ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত নন।
বিবৃতিতে তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে কিংবা কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি কোনো ধরনের অবৈধ বিদেশি অর্থ লেনদেনে জড়িত নই।’
এর পাশাপাশি বেনামি সম্পত্তি নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেত্রী। দেশের ভেতরে বা বিদেশে অন্য কারও হয়ে তাঁর কোনো বেনামি সম্পত্তি নেই বলে দাবি করেছেন তিনি।

রাকুল আরও বলেন, কেউ কখনো তাঁকে কোনো সম্পত্তি উপহার দেননি। এমনকি নীতিগতভাবেই তিনি দামি উপহার গ্রহণ করেন না। অর্থাৎ তাঁকে ঘিরে সম্পত্তি বা দামি উপহার পাওয়ার যে ধরনের জল্পনা তৈরি হয়েছে, সেটিও তিনি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

বলিউড অভিনেত্রী রাকুল প্রীত ও তাঁর শ্বশুরের প্রতিষ্ঠানে তল্লাশি

ভাশু ভগনানির সঙ্গে সম্পর্কের কারণেই কি নাম?
রাকুলের নাম এই ঘটনায় আসার পেছনে পারিবারিক সম্পর্কও আলোচনায় এসেছে। তিনি চলচ্চিত্র প্রযোজক জ্যাকি ভগনানির স্ত্রী। জ্যাকি ভগনানির বাবা ভাশু ভগনানি বলিউডের পরিচিত প্রযোজক এবং পূজা এন্টারটেইনমেন্টের সঙ্গে যুক্ত। আয়কর দপ্তরের তল্লাশি ভাশু ভগনানি ও তাঁর সঙ্গে যুক্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর নামের সঙ্গে সংবাদে আসার পরই রাকুলের নামও আলোচনায় আসে।

সামনে ‘রামায়ণ’
আইনি ও আর্থিক বিতর্কের মধ্যেই কাজও চালিয়ে যাচ্ছেন রাকুল। তাঁর সামনে এখন অন্যতম বড় প্রকল্প নিতেশ তিওয়ারির বহুল আলোচিত ‘রামায়ণ: পার্ট ওয়ান’। ছবিতে রাম চরিত্রে রণবীর কাপুর এবং সীতার চরিত্রে সাই পল্লবী অভিনয় করছেন। রাকুলকে দেখা যাবে শূর্পণখার চরিত্রে।

এর আগে তাঁকে দেখা গেছে ‘পতি পত্নী অউর ওহ দো’-তে। তবে সাম্প্রতিক সময়ে তাঁর নাম সিনেমার কাজের চেয়ে আয়কর তল্লাশি ঘিরে আলোচনায় বেশি উঠে আসায় নিজের অবস্থান পরিষ্কার করাকেই জরুরি মনে করেছেন অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে

Read full story at source