সাউথ এশিয়ান ইউনিভার্সিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন ইউজিসি চেয়ারম্যান মামুন আহমেদ

· Prothom Alo

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) উদ্যোগে ভারতের নয়াদিল্লিতে প্রতিষ্ঠিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির (এসএইউ) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।

ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৮ ও ৯ অক্টোবর নয়াদিল্লিতে বিশ্ববিদ্যালয়টির ১৬তম গভর্নিং বোর্ডের সভায় তাঁকে পরবর্তী মেয়াদের জন্য চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

Visit moryak.biz for more information.

এর মধ্য দিয়ে অধ্যাপক মামুন আহমেদ বিদায়ী চেয়ারম্যান শ্রীলঙ্কার প্রতিনিধি অধ্যাপক কাপিলা সেনেভিরত্নের স্থলাভিষিক্ত হলেন। অধ্যাপক কাপিলা সেনেভিরত্নের সভাপতিত্বেই ১৬তম বোর্ড সভাটি অনুষ্ঠিত হয়। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, চেয়ারম্যানের মেয়াদ হবে পরপর দুটি সভা অথবা নির্বাচনের তারিখ থেকে দুই বছর—যেটি আগে ঘটে।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, সাউথ এশিয়ান ইউনিভার্সিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হওয়া অত্যন্ত সম্মান ও মর্যাদার। অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের পাশাপাশি তিনি বাংলাদেশের শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা বাড়াতে কাজ করবেন।

এর আগে ২০২৪ সালের ২১ আগস্ট অনুষ্ঠিত বোর্ডের ১৩তম সভায় শ্রীলঙ্কার প্রতিনিধি অধ্যাপক কাপিলা সেনেভিরত্নেকে চেয়ারম্যান নির্বাচনের প্রস্তাব গৃহীত হয়েছিল।
মামুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক। ইউজিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করেন।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বৃদ্ধি, জ্ঞান বিনিময় এবং আঞ্চলিক সংহতি জোরদারের লক্ষ্যে সার্কভুক্ত আট দেশের উদ্যোগে ২০১০ সালে নয়াদিল্লিতে আন্তর্জাতিক এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

Read full story at source