ধলেশ্বরী নদীতে কচুরিপানার সঙ্গে ভাসছিল কিশোরীর মরদেহ

· Prothom Alo

মুন্সিগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল শনিবার রাত সোয়া একটার দিকে লঞ্চঘাটসংলগ্ন নদীতে কচুরিপানার সঙ্গে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে লঞ্চঘাট এলাকায় কচুরিপানার সঙ্গে কিছু একটা ভেসে আসতে দেখেন স্থানীয় লোকজন। কচুরিপানা তীরের কাছাকাছি এলে তাঁরা মরদেহটি দেখতে পান ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে মুন্সিগঞ্জ সদর থানার পুলিশ ও মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। পরে নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে।

Visit saltysenoritaaz.com for more information.

আজ রোববার সকালে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল মাবুদ প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে কিশোরীর মৃত্যু হয়েছে। মরদেহে দৃশ্যমান আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে ওই কিশোরী ধর্ষণ বা অন্য কোনো অপরাধের শিকার হয়েছিল কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তার বয়স ১৪ বছরের মধ্যে।

আবদুল মাবুদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কিশোরীর পরিচয় শনাক্তে আশপাশের থানাগুলোতে খবর দেওয়া হয়েছে।

Read full story at source