এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্টবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

· Prothom Alo

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটিং অ্যাডভান্সমেন্ট’ (আইসিসিএ ২০২৬)। দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয় ১৫ ও ১৬ অক্টোবর। এতে দেশি-বিদেশি গবেষক, বিজ্ঞানী, শিক্ষাবিদ ও প্রযুক্তিবিশেষজ্ঞরা কম্পিউটিং প্রযুক্তির অগ্রগতি, সাম্প্রতিক উদ্ভাবন এবং গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও নিজেদের গবেষণাকর্ম উপস্থাপন করেন।

Visit turconews.click for more information.

এ বছরের সম্মেলনে ১৭টি দেশ থেকে ৯০০টির বেশি গবেষণাপত্র জমা পড়ে। এর মধ্যে ২১৪টি গবেষণাপত্র উপস্থাপনের জন্য নির্বাচিত হয়। নির্বাচিত গবেষণাপত্রগুলোর মধ্যে বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান, কানাডাসহ বিভিন্ন দেশের গবেষকদের গবেষণাকর্ম রয়েছে। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং, ইন্টারনেট অব থিংস (আইওটি), সাইবার নিরাপত্তা, ডেটা সায়েন্স ও ব্লকচেইন প্রযুক্তিসহ কম্পিউটিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনের বিষয় তুলে ধরা হয়।

আইসিসিএ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদীন। অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ট্রাস্টি বোর্ডের সদস্য কারমেন জেড লামাগনা, উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের (এফএসটি) সহযোগী ডিন ও সম্মেলনের জেনারেল চেয়ার অধ্যাপক খন্দকার তাবিন হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের (এফএসটি) ডিন ও সম্মেলনের প্রোগ্রাম চেয়ার অধ্যাপক দীপ নন্দী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক।

১৬ অক্টোবর অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য হাসানুল এ হাসান। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার, সহ-উপাচার্য অধ্যাপক মো. আব্দুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, পরিচালক, শিক্ষক, গবেষক, প্রযুক্তিবিশেষজ্ঞ এবং দেশি-বিদেশি অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে আয়োজক ও অংশগ্রহণকারীদের মধ্যে সনদ ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়।

এ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন দেশের গবেষক ও প্রযুক্তিবিদদের মধ্যে জ্ঞান বিনিময়, আন্তর্জাতিক সহযোগিতা এবং যৌথ গবেষণার নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। এ আয়োজনের মধ্য দিয়ে কম্পিউটিং ও প্রযুক্তি খাতে গবেষণা এবং বৈশ্বিক সহযোগিতা সম্প্রসারণে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এআইইউবি।

Read full story at source