ক্যানসারের সঙ্গে লড়ছেন ঋতুপর্ণাদের কোচ, ইংল্যান্ড থেকে দিলেন আবেগঘন বার্তা

· Prothom Alo

‘আমি সত্যি ভালো নেই। শরীরটা খুব খারাপ। আমার জন্য দোয়া করবেন।’ ইংল্যান্ড থেকে মুঠোফোনে প্রথম আলোকে কথাগুলো বলছিলেন পিটার বাটলার।

Visit rouesnews.click for more information.

অনেক কিছু বলার থাকলেও আপাতত এর চেয়ে বেশি কিছু বলতে চান না বাংলাদেশ নারী ফুটবল দলের এই কোচ। কারণ, ক্যানসারের সঙ্গে লড়ছেন তিনি।

বাটলারের অসুস্থতার খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালও। তাঁর শারীরিক অবস্থার কারণে বাংলাদেশ নারী দলের কোচের দায়িত্ব পালন করে যাওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। আপাতত তাঁর অনুপস্থিতিতে নারী দলের দায়িত্ব নিতে পারেন ফরাসি কোচ এরিক মেয়ার।

গত মাসের শেষ দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ইংল্যান্ডে ফিরে যান বাটলার। তাঁর অনুপস্থিতিতে দলের অনুশীলন ও সামগ্রিক কার্যক্রম পরিচালনা করছেন সহকারী কোচ আবুল হোসেন ও লিনা চাকমা। জানা গেছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাটলারের পাঠানো নির্দেশনা অনুযায়ী কাজ করছেন দুই সহকারী কোচ।

বাটলারের অসুস্থতা নিয়ে প্রথম আলোকে তাবিথ আউয়াল বলেন, ‘পিটার ক্যানসারে আক্রান্ত। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন—এটাই আমাদের চাওয়া। আসলে তাঁর শারীরিক অবস্থার কারণে তিনি কাজ চালিয়ে যেতে পারবেন কি না, সে বিষয়ে এখনো তাঁর কাছ থেকে কোনো নিশ্চয়তা পাইনি। আমরা অপেক্ষা করছি, দেখা যাক, তিনি কী বলেন।’

পিটার বাটলার

আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। এ দুই ম্যাচ সামনে রেখেই এরিককে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পরিকল্পনা শুরু করেছে ফুটবল ফেডারেশন।

গত ৩০ অক্টোবর ৪৪ সদস্যের বাংলাদেশ নারী ফুটবল দল চট্টগ্রামে পা রাখে। চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে আবাসিক ক্যাম্প করছে নারী ফুটবলাররা।
১৬ নভেম্বর দলটির ঢাকায় ফেরার কথা। পরদিন জাতীয় স্টেডিয়ামে বসে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল উপভোগ করবেন নারী ফুটবলাররা। এরপর ১৯ নভেম্বর আবার চট্টগ্রামে ফিরে যাবেন তাঁরা।

Read full story at source