কারও সামনে জোরে হাঁচি দেওয়া কি অভদ্রতা
· Prothom Alo
হাঁচি দেওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। ধুলাবালু, ঠান্ডা লাগা কিংবা অ্যালার্জির কারণে হঠাৎ হাঁচি আসতেই পারে। কিন্তু কারও কারও হাঁচির শব্দ এত জোরে হয় যে আশপাশের সবাই চমকে ওঠে। মনে হয়, হাঁচি নয়, কেউ বুঝি হঠাৎ চিৎকার করে উঠল। এমন হাঁচিতে ঘুমন্ত মানুষ জেগে ওঠে, এমনকি ছোট বাচ্চাও কেঁদে ফেলতে পারে।
এ ধরনের হাঁচিকে ইংরেজিতে বলা হয় scream sneeze। বাংলায় একে বলা যেতে পারে চিৎকারের মতো হাঁচি। যাঁরা এমন হাঁচি দেন, তাঁদের কাছে ব্যাপারটা হয়তো একেবারেই স্বাভাবিক। কিন্তু যাঁরা আশপাশে থাকেন, তাঁদের জন্য অভিজ্ঞতাটা মোটেই সুখকর নয়। আশপাশের মানুষ হয়তো ভদ্রতার খাতিরে তাঁকে বুঝিয়ে বলতেও পারেন না, পাছে তিনি আবার রাগ করে বসেন।
Visit bettingx.bond for more information.
একজন মানুষের হাঁচির শব্দ এত জোরে হতে পারে যে ঘরের অন্য প্রান্তে থাকা মানুষও চমকে উঠবেন। অথচ সেই মানুষটি হয়তো ইচ্ছা করে এমন শব্দ করছেন না। তাঁর দাবি, হাঁচিটা এমনিতেই জোরে বেরিয়ে আসে। তিনি কাউকে ভয় দেখাতে চান না, কাউকে বিরক্তও করতে চান না। তাহলে প্রশ্ন হলো, হাঁচির শব্দ এত জোরে হলে কি সেটাকে অভদ্রতা বলা যায়?
মানুষ ঘুমের মধ্যে কথা বলে কেনজোরে দেওয়া হাঁচি কেন বিরক্তিকর
এ ধরনের হাঁচি বিরক্তিকর হওয়ার পেছনে দুটি বড় কারণ আছে। প্রথমটি শব্দ, দ্বিতীয়টি জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা। হাঁচির শব্দ যে বেশ জোরে হতে পারে, তা নতুন কিছু নয়। তবে চিৎকারের মতো হাঁচির শব্দ সাধারণ হাঁচির চেয়ে অনেক বেশি। ‘নয়েজ মেজারমেন্ট সিস্টেম’ নামে একটি প্রতিষ্ঠানের করা এক গবেষণায় দেখা গেছে, একজন প্রাপ্তবয়স্ক পুরুষের হাঁচির গড় শব্দের মাত্রা প্রায় ৯০ ডেসিবেল। শব্দ মাপা হয়েছিল হাঁচি দেওয়া ব্যক্তির দুই ফুট দূর থেকে। একটি ব্লেন্ডার পূর্ণ গতিতে চললে যেমন শব্দ হয়, এই শব্দ ছিল প্রায় তেমনই।
অবশ্য সবার হাঁচির শব্দ এক রকম নয়। মানুষের শারীরিক গঠনের কারণেও হাঁচির শব্দের জোর কম বেশি হতে পারে। যেমন, যাঁদের ফুসফুসের আকার তুলনামূলক ছোট, তাঁদের হাঁচির শব্দ কিছুটা কম হয়। তাই গড় শব্দের মাত্রা যদি ৯০ ডেসিবেল হয়, তাহলে কারও কারও হাঁচি এর চেয়েও অনেক বেশি জোরে হতে পারে।
তবে হাঁচির সমস্যা শুধু শব্দে সীমাবদ্ধ নয়। হাঁচি দেওয়ার সময় নাক ও মুখ দিয়ে দ্রুতগতিতে বেরিয়ে আসে অসংখ্য ক্ষুদ্র পানিকণা ও কণা। এর মধ্যে জীবাণুও থাকতে পারে। ফলে হাঁচি দেওয়ার সময় আশপাশে থাকা মানুষও সেগুলোর সংস্পর্শে আসতে পারেন।
হাঁচির গতিবিধি নিয়ে কাজ করেছেন যুক্তরাষ্ট্রের এমআইটির গবেষকেরা। তাঁদের গবেষণায় দেখা গেছে, হাঁচির সঙ্গে বেরিয়ে আসা বড় জলকণাগুলো কয়েক ফুট দূর পর্যন্ত যেতে পারে। আরও ছোট কণাগুলো বাতাসে ছড়িয়ে পড়তে পারে প্রায় ২০ ফুট পর্যন্ত। তবে এই দূরত্ব সব সময় এক থাকে না। হাঁচির ধরন, বাতাসের অবস্থা এবং আশপাশের পরিবেশের ওপর তা নির্ভর করে। আবার হাঁচির শব্দ যত বেশি, জীবাণুও তত দূরে ছড়াবে; এমন কোনো প্রমাণ নেই।
তবু কেউ যদি তোমার সামনে দাঁড়িয়ে হাঁচি দেয় আর সেই হাঁচির সঙ্গে ছিটকে আসে লালা ও নাকের নিঃসরণ, তাহলে নিশ্চয়ই ব্যাপারটা ভালো লাগবে না। জোরে শব্দের সঙ্গে জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই দুটি বিষয় মিলিয়েই জোরে দেওয়া হাঁচি অনেকের কাছে বিরক্তিকর মনে হয়।
হাঁচি তো স্বাভাবিক, তাহলে দোষ কোথায়
যাঁরা জোরে হাঁচি দেন, তাঁদের অনেকেরই যুক্তি, হাঁচি শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া। এটা ইচ্ছা করে করা যায় না। তাই হাঁচি নিয়ে কারও অভিযোগ করার সুযোগ নেই।
কথাটা পুরোপুরি ভুল নয়। কিন্তু শরীরের সব স্বাভাবিক কাজই যে যেখানে-সেখানে করা যায়, তা তো নয়। সামাজিক জীবনে চলতে গেলে শরীরের কিছু স্বাভাবিক কাজের ব্যাপারেও অন্যদের কথা ভাবতে হয়। যেমন হঠাৎ বায়ু বেরিয়ে গেলে সেটা হয়তো ইচ্ছা করে হয়নি। কিন্তু ভিড়ের মধ্যে দাঁড়িয়ে সেই কাজ করে নির্বিকারভাবে বসে থাকা ভালো দেখায় না। সম্ভব হলে একটু আড়ালে সরে যাওয়া যায়। খাওয়ার টেবিলে জোরে ঢেকুর উঠলে সাধারণত আমরা দুঃখ প্রকাশ করি। নাক খোঁটানোর প্রয়োজন হলে নিশ্চয়ই সবার সামনে সেটা করতে চাই না। এমনকি নখ বড় হয়ে গেলেও বাসে বা ট্রেনে বসে নখ কাটাকে কেউ ভালো চোখে দেখবেন না।
এসব কাজ শরীরের স্বাভাবিক প্রয়োজনের অংশ। কিন্তু সেগুলো করার সময় অন্যদের অসুবিধার কথা মাথায় রাখাও ভদ্রতার অংশ। অবশ্য সব শারীরিক প্রতিক্রিয়া আমাদের নিয়ন্ত্রণে থাকে না। হাঁচি একটি স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া। হাঁচি আসার পর সেটি জোর করে আটকে রাখাও বিপজ্জনক হতে পারে।
যুক্তরাষ্ট্রের বিখ্যাত অলাভজনক চিকিৎসাকেন্দ্র ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্য অনুযায়ী, জোর করে হাঁচি আটকে রাখলে কানের পর্দার ক্ষতি হতে পারে। বিরল ক্ষেত্রে রক্তনালিও ফেটে যেতে পারে। তাই হাঁচি এলে সেটি একেবারে আটকে রাখতে হবে, এমন আশা করা ঠিক নয়।
আসল প্রশ্ন হলো, হাঁচির শব্দ কি কিছুটা কমানো সম্ভব? আসলে এ বিষয়ে কতটা নিয়ন্ত্রণ মানুষের হাতে থাকে, তা নিয়ে নির্দিষ্ট গবেষণা পাওয়া যায়নি। বিজ্ঞানীরা হাঁচির সঙ্গে বেরিয়ে আসা জীবাণুর গতিপথ নিয়ে অনেক গবেষণা করেছেন, কিন্তু হাঁচির শব্দ কমানোর ক্ষমতা নিয়ে খুব বেশি কাজ হয়নি।
হতে পারে, কারও শরীরের গঠন বা অন্য কোনো শারীরিক কারণে হাঁচি এমন জোরে বেরিয়ে আসে যে তা কমানোর তেমন সুযোগ নেই। সবার শরীর এক রকম নয়, হাঁচির ধরনও এক নয়। তাই কাউকে শুধু জোরে হাঁচি দেওয়ার জন্য দোষারোপ করা যায় না।
আবার অনেকে কখনো ভেবেই দেখেননি যে তাঁর হাঁচির শব্দে অন্যরা এতটা ভয় পেতে পারেন। সারা জীবন জোরে হাঁচি দিতে দিতে হয়তো তাঁর কাছে ব্যাপারটা স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু আশপাশের মানুষের কাছে তা মোটেও স্বাভাবিক নয়। আর পাশের মানুষ হয়তো ভদ্রতার খাতিরে তাঁকে শুদ্রেও দিচ্ছে না, যেটা আগেই বলেছি।
তাই তুমি যা নিয়ন্ত্রণ করতে পারো না, তার জন্য তোমাকে দোষ দেওয়া ঠিক হবে না। তবে তোমার আচরণে অন্যদের কী সমস্যা হচ্ছে, সেটি বোঝার চেষ্টা করা নিশ্চয়ই তোমার দায়িত্ব।
যে দেশে বারান্দায় কাপড় শুকানো নিষিদ্ধ, ভুল করলেই বড় জরিমানাজোরে হাঁচি দিলেও যেভাবে ভদ্র থাকা যায়
চিৎকারের মতো জোরে হাঁচি দিলেই যে সবাই অভদ্র, তা নয়। তবে হাঁচির সময় কয়েকটি বিষয় মেনে চললে অন্যদের অসুবিধা অনেকটাই কমানো যায়। এখানে কয়েকটা ব্যাপার আলোচনা করছি। হাঁচি আসার আগে যদি বুঝতে পারো, তাহলে আশপাশের মানুষকে একটু সতর্ক করে দাও। বলতে পারো, ‘হাঁচি আসছে!’ এটা অবশ্য একটু বেশিবেশি হয়ে যায়। অনেক সময় বলার সময়ও পাওয়া যায় না, হাঁচি এসে যায়।
তারচেয়ে বরং সামনের মানুষটির দিক থেকে মুখ ঘুরিয়ে নেওয়া ভালো। সম্ভব হলে একটু দূরে সরে দাঁড়াও। সব হাঁচি অবশ্য আগে থেকে টের পাওয়া যায় না। কিন্তু যখন বোঝা যায়, তখন একটু অন্যদিকে সরে মুখটা ঢেকে হাঁচি দেওয়া ভালো।
হাঁচির সময় নাক-মুখ ঢেকে রাখো। কাছে টিস্যু থাকলে সেটি ব্যবহার করতে পারো। না থাকলে জামার হাতা বা কনুইয়ের ভাঁজে হাঁচি দাও। একেবারেই উপায় না থাকলে হাত দিয়ে মুখ ঢেকে নিতে পারো। তবে হাতে হাঁচি দিলে পরে সাবান দিয়ে হাত ধুয়ে নেবে বা স্যানিটাইজার ব্যবহার করবে। নিজের হাতে সামান্য নাকের পানি লাগা নিশ্চয়ই ভালো লাগার বিষয় নয়। কিন্তু অন্যদের গায়ে বা আশপাশের জিনিসে তা ছড়িয়ে দেওয়ার চেয়ে এটি ভালো।
হাঁচির শব্দ কমানোর চেষ্টা করতে পারো। যেমন, হাঁচি আসার আগে অন্য ঘরে চলে যাওয়া যায়। কাছে মোটা তোয়ালে বা ভারী কাপড় থাকলে সেটির দিকে মুখ ফিরিয়ে হাঁচি দেওয়া যেতে পারে। তবে শব্দ কমাতে গিয়ে শরীরকে অস্বাভাবিকভাবে বাঁকানো বা হাঁচি আটকে রাখার চেষ্টা করার দরকার নেই। উদ্দেশ্য হলো অন্যদের কথা মাথায় রাখা, হাঁচিকে নিঃশব্দ করে ফেলা নয়।
অ্যালার্জির কারণে যদি বারবার হাঁচি আসে, তাহলে সেটি নিয়ন্ত্রণের ব্যবস্থা করা যেতে পারে। অ্যালার্জির উপসর্গ কমাতে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। শুধু অন্যদের খুশি করার জন্য ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। তবে অ্যালার্জি কমলে নিজেরও আরাম হবে, আশপাশের মানুষও কিছুটা স্বস্তি পাবেন।
হাঁচি দেওয়ার পর আশপাশের মানুষ চমকে গেলে ছোট্ট করে দুঃখ প্রকাশ করো। ‘দুঃখিত’ বললেই যথেষ্ট। এতে তুমি অপরাধ স্বীকার করছ না। বরং বোঝাচ্ছ, তোমার হাঁচিতে অন্যরা যে অপ্রস্তুত হয়ে পড়েছেন, সেটা তুমি বুঝতে পেরেছ।
আর হাঁচির সঙ্গে নাকের পানি বা লালা যদি টেবিল, কাউন্টার কিংবা অন্য কোনো জায়গায় ছিটকে পড়ে, তাহলে সেটি পরিষ্কার করে দাও। জায়গাটি পরিষ্কার করার পর হাতও ধুয়ে নাও।
একঘেয়েমি ও আলসেমি কাটিয়ে ওঠার ৭টি সহজ উপায়তোমার সামনে কেউ জোরে হাঁচি দিলে কী করবে
হঠাৎ কানের পাশে কেউ চিৎকারের মতো হাঁচি দিলে ভয় পাওয়া স্বাভাবিক। প্রথমে চমকে উঠতে পারো, তারপর রাগও হতে পারে। মনে হতে পারে, মানুষটির গলা চেপে ধরি! কিন্তু তার হাঁচির বদলা নিতে গিয়ে তাকে আঘাত করা নিশ্চয়ই আরও বড় অভদ্রতা হবে।
কাউকে তার শারীরিক সমস্যা নিয়ে ঠাট্টা করা বা অপমান করাও ঠিক নয়। তুমি হয়তো মনে করছ, সে ইচ্ছা করেই এত জোরে হাঁচি দেয়। কিন্তু তার শরীরের ভেতরে কী ঘটছে, তা তুমি জানো না। হাঁচির শব্দ কমানোর ক্ষমতা তার কতটা আছে, সেটাও নিশ্চিত করে বলা যায় না।
তবে কেউ যদি বারবার তোমার দিকে মুখ করে হাঁচি দেয় এবং মুখ না ঢাকে, তাহলে তাকে বিষয়টি বলতে পারো। বিনয়ের সঙ্গে অনুরোধ করতে পারো, যেন হাঁচির সময় মুখ ঢাকে বা অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। এটি অযৌক্তিক দাবি নয়। নিজের ও আশপাশের মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্যই এমন অনুরোধ করা।
তাহলে জোরে হাঁচি কি অভদ্রতা
হাঁচি অভদ্রতা নয়। কারণ, এটি শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া। কিন্তু হাঁচি দেওয়ার সময় অন্যদের কথা একেবারেই না ভাবা অভদ্রতা হতে পারে।
তুমি যদি জোরে হাঁচি দাও, অথচ মুখ ঢাকার বা অন্যদিকে ঘুরে দাঁড়ানোর কোনো চেষ্টাই না করো, তাহলে অন্যদের অসুবিধা হতেই পারে। আবার কেউ যদি সত্যিই নিজের হাঁচির শব্দ নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে শুধু শব্দের জন্য তাঁকে দোষ দেওয়া যায় না।
অর্থাৎ হাঁচির শব্দ নিয়ে নয়, বরং হাঁচির সময় তুমি কী করছ, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। হাঁচি থামাতে পারবে না, কিন্তু মুখ ঢাকতে পারবে। অন্যদিকে ঘুরে দাঁড়াতে পারবে। প্রয়োজন হলে দুঃখ প্রকাশ করতে পারবে। আর নিজের অ্যালার্জির সমস্যা থাকলে সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করতে পারবে।
মনে রাখতে হবে, তোমার হাঁচিতে তুমি নিজে হয়তো অভ্যস্ত। কিন্তু পাশের মানুষটি হয়তো প্রতিবারই চমকে উঠছেন। তাঁর ভয় পাওয়া বা বিরক্ত হওয়াটাও অস্বাভাবিক নয়। তাই জোরে হাঁচি দেওয়া অপরাধ নয়। তবে নিজের হাঁচির কারণে অন্যদের কী অসুবিধা হচ্ছে, সেটা বুঝতে না চাওয়াই আসল সমস্যা।
সূত্র: রিডার্স ডাইজেস্টজরুরি পরিস্থিতির জন্য খাবার–পানি মজুত করার ট্রেন্ড এল কোথা থেকে