মালিকদের মজুরি প্রস্তাবে প্রতিবার শ্রমিকদের অসন্তোষ কেন, এবার কী হবে

· Prothom Alo

১৩ বছর আগের ঘটনা। ২০১৩ সালের সেপ্টেম্বরে নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষ ন্যূনতম মজুরি ৬০০ টাকা বাড়ানোর প্রস্তাব দেয়। এত কম মজুরি বৃদ্ধির প্রস্তাবে ক্ষুব্ধ হয়ে সব শিল্পাঞ্চলের শ্রমিকেরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। কারখানা ও যানবাহন ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। গাজীপুরে আনসার ক্যাম্পে হামলা চালিয়ে চারটি রাইফেল ছিনিয়ে নিয়ে পুড়িয়ে দেন তাঁরা। পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন শতাধিক শ্রমিক।

Visit biznow.biz for more information.

সে সময় আন্দোলনরত বহু শ্রমিকের সঙ্গে প্রথম আলোর এই প্রতিবেদকের কথা হয়। তাঁরা বলেছিলেন, বিজিএমইএ কোন বিবেচনায় ৬০০ টাকার মজুরি বৃদ্ধির প্রস্তাব দিল? ঘরভাড়া আর খাওয়ার খরচেই তো বেতনের সব টাকা চলে যায়। অমানুষিক পরিশ্রমের পর এই বেতন কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। ৬০০ টাকা বৃদ্ধির প্রস্তাব করে তারা শ্রমিকদের সঙ্গে ঠাট্টা করেছে বিজিএমইএ।

ওই বছর টানা কয়েক দিন চলা আন্দোলন–বিক্ষোভের মুখে মজুরি বাড়াতে রাজি হয় মালিকপক্ষ। শেষ পর্যন্ত ওই মজুরি বোর্ডে পাঁচ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ হয়। রানা প্লাজা ধসের পর পোশাকশ্রমিকদের কম মজুরি নিয়ে দেশে–বিদেশে সমালোচনা হলে মজুরি বৃদ্ধির জন্য নির্ধারিত সময়ের আগেই মজুরি বোর্ড গঠন করেছিল সরকার।

শুধু ২০১৩ নয়, তারপর ২০২৩ সালেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিবারই শ্রমিকদের প্রত্যাশার তুলনায় মালিকপক্ষের প্রস্তাব ছিল অনেক কম। তাদের প্রস্তাব বড় ধরনের আন্দোলন উসকে দেয়। শেষ পর্যন্ত শ্রমিকদের আন্দোলন ও দর-কষাকষির পর মালিকপক্ষের প্রাথমিক প্রস্তাবের চেয়ে বেশি মজুরি দিতে রাজি হন।

২০১৮ সালে মজুরি ঘোষণার পর আন্দোলন হয়

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য ২০১৮ সালের জানুয়ারিতে নিম্নতম মজুরি বোর্ড গঠিত হয়। তার আগে থেকে বিভিন্ন শ্রমিক সংগঠন ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণের জন্য আন্দোলন করে আসছিল।

অবশ্য শ্রমিক সংগঠনের দাবি উপেক্ষা করে মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি ১২ হাজার ২০ টাকা মজুরি প্রস্তাব দিয়ে সমালোচনার জন্ম দেন। অন্যদিকে মালিকপক্ষ ৬ হাজার ৩৬০ টাকা প্রস্তাব দিয়ে বিতর্কিত হয়। শেষ পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে ন্যূনতম মজুরি আট হাজার টাকা নির্ধারণ করা হয়। ২৫ নভেম্বর নতুন মজুরিকাঠামোর প্রজ্ঞাপন জারি করে শ্রম মন্ত্রণালয়। ডিসেম্বরে কার্যকর হয়।

প্রজ্ঞাপন জারির পর প্রথমে নারায়ণগঞ্জ এবং পরে গাজীপুর ও আশুলিয়ার শতাধিক কারখানার শ্রমিকেরা আন্দোলনে নামেন। কারখানার পাশাপাশি কারণ হচ্ছে, নিম্নতম বা সপ্তম গ্রেডের মজুরি ২ হাজার ৭০০ টাকা বৃদ্ধি হয়েছে। তবে ওপরের গ্রেডে (৩, ৪ ও ৫ গ্রেড ) মজুরি যে পরিমাণ তার কাছাকাছি মজুরি আগেই পেতেন শ্রমিকেরা। প্রতিবছর ৫ শতাংশ ইনক্রিমেন্ট হয়ে এমনটি হয়েছে। ফলে নতুন কাঠামোতে পুরোনো শ্রমিকের ভাগ্যের উন্নতি খুব একটা হয়নি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে মজুরি নিয়ে আন্দোলনে নামায় দুশ্চিন্তায় পড়ে যান পোশাকশিল্পের মালিকেরা। দফায় দফায় পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর কার্যালয়ে বৈঠক হয়। এরপর শ্রম অসন্তোষ রুখতে শিল্প পুলিশ, র‍্যাব ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা মাঠে নামেন। শেষ পর্যন্ত নানামুখী চেষ্টার পর শ্রম আন্দোলন নিয়ন্ত্রণে আসে।

গতবারও মালিকদের প্রস্তাবে আন্দোলন

২০২৩ সালের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে শ্রম মন্ত্রণালয় মজুরি বোর্ড গঠন করে সরকার। পরের ছয় মাসে বোর্ডের তিনটি সভা হলেও কোনো পক্ষ প্রস্তাব দেয়নি। বিষয়টি নিয়ে সমালোচনা হলে ২২ অক্টোবর অনুষ্ঠিত চতুর্থ সভায় শ্রমিক ও মালিক দুই পক্ষই মজুরি প্রস্তাব দেয়। শ্রমিকপক্ষের প্রতিনিধি ২০ হাজার ৩৯৩ টাকা ন্যূনতম মজুরি দাবি করে প্রস্তাব দেন। তার বিপরীতে মালিকপক্ষ প্রায় অর্ধেক; অর্থাৎ ১০ হাজার ৪০০ টাকার মজুরি প্রস্তাব দেয়।

মালিকেরা এই কম প্রস্তাব দেওয়ার পরদিন থেকেই আন্দোলন শুরু করেন পোশাকশ্রমিকেরা। মিরপুর, নারায়ণগঞ্জ, সাভার–আশুলিয়া ও গাজীপুরের আন্দোলন ছড়িয়ে পড়ে। ৩০ অক্টোবর গাজীপুরে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ায় আহত রাসেল হাওলাদার নামের এক শ্রমিক মারা যান। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে একটি কারখানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরবর্তী সময়ে ২০০ কারখানা বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন মালিকেরা।

মজুরি নিয়ে শ্রমিকদের তিন সপ্তাহের আন্দোলনে রাসেল হাওলাদার ছাড়াও ইমরান, জালাল উদ্দিন ও আঞ্জুয়ারা খাতুন নামের তিনজন পোশাকশ্রমিক মারা যান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মালিকপক্ষ নতুন করে প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নেয়। ৭ নভেম্বর মালিকপক্ষ আগের প্রস্তাবের চেয়ে ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা মজুরির প্রস্তাব দেয়। সেটিই পরে চূড়ান্ত হয়। ১ ডিসেম্বর নতুন এই মজুরি কাঠামো কার্যকর হয়।

এবার কী হবে

পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন। শ্রমিক আন্দোলনের মুখে ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন শ্রমিকপক্ষের প্রতিনিধি। আগামী সোমবার বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় মালিকপক্ষের প্রতিনিধি প্রস্তাব দেবেন।

এদিকে মজুরি বোর্ডের আলোচনা শুরু হওয়ায় পর শিল্পাঞ্চলের পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পুরোপুরি শান্ত হয়নি। গত সপ্তাহে সব দিনই সাভার–আশুলিয়া এলাকায় শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে। এতে প্রতিদিনই বেশ কিছু কারখানার উৎপাদন ব্যাহত হয়। গত বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন গাজীপুর ছিল মোটামুটি শান্ত। আর চলতি মাসের প্রথম সপ্তাহ দুই দিন নারায়ণগঞ্জের শ্রম অসন্তোষ হলেও তারপর পরিস্থিতি শান্ত রয়েছে।

মালিকপক্ষ এখনো তাদের মজুরি প্রস্তাব চূড়ান্ত করেনি। তারপরও কয়েকজন মালিকপক্ষের তথ্যানুযায়ী, মজুরি প্রস্তাবে পুরোনো কৌশলেই হাঁটবেন মালিকেরা। অর্থাৎ কম মজুরি প্রস্তাব দিয়েই আলোচনা শুরু করবেন তাঁরা। বরাবরের মতো ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের কম সক্ষমতার বিষয়টি সামনে আনা হবে। এখানে শ্রমিকদের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় চাহিদার বিষয়টি অনেকটা গৌণ থাকবেই।

উচ্চ মূল্যস্ফীতির এ সময়ে মালিকেরা শেষ পর্যন্ত কম মজুরি প্রস্তাব দিলে ২০১৩ বা ২০২৩ সালের পুনরাবৃত্তি ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না।

Read full story at source