নিউইয়র্কে পান্নুন হত্যাচেষ্টা মামলায় কত বছর সাজা হতে পারে ভারতীয় নিখিলের

· Prothom Alo

ভারতের শিখ সম্প্রদায়ের খালিস্তানপন্থী আন্দোলনের নেতা গুরপতবন্ত সিং পান্নুনের হত্যা ষড়যন্ত্রের মামলায় দোষী সাব্যস্ত নিখিল গুপ্তার কত বছর সাজা হয়, সেদিকে আপাতত সবার নজর। ২০ নভেম্বর শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক আদালত ওই মামলার সাজা ঘোষণা করবেন।

Visit betsport24.es for more information.

যুক্তরাষ্ট্রের সরকারি আইনজীবী অপরাধীর ২৪ বছরের সাজা দাবি করেছেন। নিখিলের আইনজীবী চান সাজা বড়জোর ১২ বছর হোক। এ অবস্থায় নিখিল গুপ্তা বিচারককে একটি চিঠি লিখেছেন। তাতে নিজের দোষ স্বীকার করে তিনি লিখেছেন, তিন বছর পিছিয়ে গিয়ে ভুলগুলো শুধরে নিতে পারলে এই অবস্থায় পড়তে হতো না।

ভারতীয় বংশোদ্ভূত পান্নুন যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি স্বাধীন খলিস্তান আন্দোলনের ঘোর সমর্থক। তাঁকে হত্যার ষড়যন্ত্রের চেষ্টায় জড়িত থাকার অভিযোগে ২০২৩ সালে চেক প্রজাতন্ত্র থেকে নিখিলকে গ্রেপ্তার করা হয়। মার্কিন পুলিশই তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হয়।

নিখিলের বিরুদ্ধে পান্নুনকে হত্যার ষড়যন্ত্র, খুনের জন্য লোক ভাড়া করা, পরিকল্পনা সফল করতে টাকাকড়ির লেনদেনের মতো অভিযোগ আনা হয়। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি নিখিল নিজের অপরাধ স্বীকার করেন। তারপর আদালত তাঁকে দোষী ঘোষণা করে। তাঁর কত বছর সাজা হবে, তা জানানো হবে ২০ নভেম্বর।

নিউইয়র্ক আদালতের বিচারপতিকে নিখিল একটা চিঠি লিখেছেন। অপরাধ স্বীকার করে ৫৫ বছর বয়সী নিখিল চিঠিতে লিখেছেন, ২০২৩ সালের শুরুর দিকে তিনি যে মানুষটি হয়ে উঠেছিলেন, তাঁকে নিজেই চিনতে পারেন না।

অনুশোচনায় ভরা সেই চিঠিতে নিখিল লিখেছেন, ‘আমার মতিভ্রম হয়েছিল। ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, মদে আসক্তি আমাকে ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছিল। কারা হেফাজতে থাকার সময় আত্মহননের চিন্তাও মাথায় এসেছিল। ইচ্ছা হয় ২০২৩ সালকে ফিরিয়ে এনে ভুলগুলো শুধরে নিই।’

সেই চিঠিতে নিখিল এ কথাও জানিয়েছেন, পান্নুনকে হত্যার ছক তিনি একাই করেছেন।

গুরপতবন্ত সিং পান্নুন

নিখিলের আইনজীবী বিচারকের কাছে অনুরোধ জানিয়ে বলেছেন, ২০ নভেম্বর সাজা ঘোষণার আগে নিখিলকে যেন ২০ মিনিট সময় দেওয়া হয়। এজলাসে দাঁড়িয়ে নিখিল গুপ্তা বিচারকের উদ্দেশে কিছু বলতে চান। সেই সুযোগ যেন তাঁকে দেওয়া হয়।

পান্নুনকে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগে বিকাশ যাদব নামের একজনের নাম জড়িয়েছিল। অভিযোগ, বিকাশই নাকি নিখিলকে ওই কাজের দায়িত্ব দিয়েছিলেন। মার্কিন নথিপত্রে বিকাশ যাদবকে ভারতের মন্ত্রিসভা সচিবালয়ের কর্মী বলে দাবি করা হয়েছিল।

অভিযোগ, বিকাশের নির্দেশে নিখিল এক ভাড়াটে খুনির সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের মধ্যে ১ লাখ ডলারের চুক্তি হয়, যার মধ্যে ১৫ হাজার ডলার অগ্রিম দেওয়া হয়েছিল। নিখিল বুঝতে পারেননি, যাঁকে তিনি ভাড়াটে খুনি ভেবেছিলেন তিনি আসলে মার্কিন আইনশৃঙ্খলা বিভাগের সদস্য। আন্ডারকভার এজেন্ট।

এরপরই নিখিলকে গ্রেপ্তার করা হয়। বিকাশকে মার্কিন গোয়েন্দারা ২০২৪ সালে ‘মোস্ট ওয়ান্টেড’ বলে ঘোষণা করে।

সম্প্রতি পান্নুনের করা এক মামলায় ভারতকে সমন পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর পান্নুন ওই মামলা দায়ের করেন। সেখানে তিনি ভারত সরকার, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সাবেক ‘র’ প্রধান সামন্ত গোয়েল, বিকাশ যাদব ও নিখিল গুপ্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

পান্নুনের অভিযোগ, তাঁকে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে ওই ভারতীয় সরকারি কর্মকর্তারা জড়িত। ভারত সরকারের পক্ষ থেকে অবশ্য এসব অভিযোগ ‘সাজানো ও বিদ্বেষপ্রসূত’ বলে খারিজ করা হয়েছে। পান্নুনের অভিযোগের ভিত্তিতে যাবতীয় আইনি প্রক্রিয়াকে ‘ভিত্তিহীন’ বলেও খারিজ করা হয়েছে।

Read full story at source