ছাত্র ইউনিয়ন নেতাকে গভীর রাতে বাসা থেকে তুলে নিল ডিবি, ছাড়া হলো ১০ ঘণ্টা পর

· Prothom Alo

নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত সন্দেহে গভীর রাতে ছাত্র ইউনিয়নের এক নেতাকে বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর বাহারছড়ার বিমানবন্দর সড়কের বাসা থেকে তাঁকে তুলে নেওয়া হয়। পরে আজ বুধবার বেলা ১টার দিকে তাঁকে ছাড়া হয়।

ছাত্র ইউনিয়নের ওই নেতার নাম রাফায়েল উল্লাহ (২৩)। তিনি কক্সবাজার শহর শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি। এ ছাড়া তিনি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক করিম উল্লাহর ছেলে। পুলিশ বলছে, নাশকতায় জড়িত সন্দেহে তাঁকে আটক করা হয়েছিল। তবে ছাত্র ইউনিয়নের নেতা পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

Visit moryak.biz for more information.

রাফায়েলের বাবা করিম উল্লাহর অভিযোগ, বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করার কারণে একটি পক্ষ তাঁকে থামানোর জন্য ছেলেকে তুলে নিতে ভূমিকা রেখেছে। তাঁকে ভয় দেখাতে এ কাজ করা হয়েছে।

গতকাল দিবাগত রাত ৩টার দিকে ফেসবুকে নিজ আইডিতে পোস্ট করেন করিম উল্লাহ। পোস্টে তিনি লেখেন, ‘কোনো ধরনের কারণ ছাড়া আমার ছেলে ছাত্র ইউনিয়ন নেতা রাফায়েল উল্লাহকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে।’

করিম উল্লাহ জেলা ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সঙ্গে যুক্ত। তিনি জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক পদেও দায়িত্ব পালন করেছেন।

জানতে চাইলে করিম উল্লাহ প্রথম আলোকে বলেন, কক্সবাজার সৈকতের বালিয়াড়ি দখল করে পৌরসভার সড়ক নির্মাণ, সৈকতে দোকানপাট নির্মাণ এবং নদী-প্যারাবন দখল নিয়ে তিনি সোচ্চার। সম্প্রতি সৈকতের ঝাউগাছ কেটে পর্যটন করপোরেশনের বিচ কার্নিভ্যাল আয়োজনের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণাও করেছেন তিনি। সম্ভবত তাঁকে থামানোর জন্য কোনো পক্ষ ছেলেকে তুলে নিয়ে গেছে।

করিম উল্লাহ আরও বলেন, ‘পুলিশের সন্দেহ ছিল আমার ছেলে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। পরে রাফায়েল ছাত্র ইউনিয়নের নেতা ও জুলাই–যোদ্ধা—এ তথ্য জানার পর পুলিশের একজন কর্মকর্তা আমাকে ফোন করে ছেলেকে ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। এরপর বেলা একটার দিকে ছেলেকে ছেড়ে দেওয়া হয়।’

জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, নাশকতার সঙ্গে জড়িত ফ্যাসিস্টদের ধরতে রাতভর পুলিশের একাধিক দল অভিযান চালায়। এ সময় ছাত্রলীগের কর্মী সন্দেহে রাফায়েল উল্লাহ থানায় আনা হয়। তিনি ছাত্র ইউনিয়নের নেতা, এ পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, রাফায়েল উল্লাহকে থানায় আনার পেছনে বিচ কার্নিভ্যাল কিংবা অন্য কোনো কারণ নেই। পুলিশের নিয়মিত অভিযানে প্রতি রাতেই ২০ থেকে ৩০ জন সন্ত্রাসী, ছিনতাইকারী ও বিভিন্ন মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হচ্ছে।

Read full story at source