গ্রামবাংলার বাহারি মিষ্টান্নের পসরা

· Prothom Alo

শিশু-কিশোর থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষের ভিড় লেগে থাকে দত্তের বাজারের মিষ্টির দোকানগুলোতে। থরে থরে সাজানো হরেক রকমের সুস্বাদু মিষ্টান্ন নিয়ে বসেন দোকানিরা। রসগোল্লা, জিলাপি, গজা, খাজা, নিমকি, খুরমা ও মোয়ার মিষ্টি সুবাসে ম-ম করে পুরো হাট প্রাঙ্গণ।

Visit rouesnews.click for more information.

হাটে আসা ক্রেতা-বিক্রেতারা বাজার-সদাই করার ফাঁকে মিষ্টির দোকানগুলোতে ঢুঁ মারেন। কেউ দোকানে বসেই স্বাদ নেন, কেউবা পরিবারের সদস্যদের জন্য প্যাকেট করে বাড়ি নিয়ে যান। অনেক শিশু-কিশোরের কাছে হাটে আসার অন্যতম প্রধান আকর্ষণই হলো এই মজাদার মিষ্টি খাওয়া।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে বাবার সঙ্গে হাটে এসেছিল ছেলে রাকিব। সে বলে, ‘প্রতি হাটেই আমি বাবার সঙ্গে আসি। এখানকার রসগোল্লা, জিলাপি আর খাজা আমার খুব পছন্দের। এখানে বসে মিষ্টি খাই, আবার বাসার জন্যও কিনে নিয়ে যাই।’

মিষ্টির দোকানগুলোতে মূলত বিকেলের পর থেকে লোকসমাগম বাড়তে থাকে। ক্রেতাদের কেউ কেনাকাটার মাঝপথে নাশতার বিরতি নেন, আবার কেউ বাজার শেষে বাড়ি ফেরার আগে পরিবারের জন্য মিষ্টান্ন কেনেন। পাশাপাশি হাটের ব্যবসায়ীরাও প্রচণ্ড কর্মব্যস্ততার ফাঁকে একটু জিরিয়ে নিতে ও নাশতা সারতে আসেন এসব দোকানে।

মিষ্টান্ন ব্যবসায়ী শরিফুল ইসলাম জানান, বাড়িতে নিজেদের হাতে খাঁটি উপাদান দিয়ে তৈরি করায় এসব মিষ্টির আলাদা কদর রয়েছে। গুণগত মান ভালো হওয়ায় প্রতি হাটেই তাঁর দোকানের সব মিষ্টান্ন বিক্রি হয়ে যায়।

বাজার করতে আসা এক প্রবীণ ক্রেতা বলেন, ছোটবেলা থেকেই তিনি এই হাটে আসছেন এবং তখন থেকেই মিষ্টির দোকানগুলোকে এভাবে জমজমাট দেখছেন। তাঁর মতে, এখানকার সবচেয়ে ঐতিহ্যবাহী মিষ্টান্ন হলো রসগোল্লা, গজা ও খাজা। এসব দোকান যেমন হাটুরেদের ক্ষুধা মেটায়, তেমনি পুরো হাটে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করে।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দত্তের বাজারে নিয়মিত পাঁচ থেকে সাতটি মিষ্টান্নের দোকান বসে। প্রকারভেদে এসব মিষ্টি ২২০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হয়। সব মিলিয়ে প্রতি হাটবারে লক্ষাধিক টাকার মিষ্টান্ন কেনাবেচা হয় এখানে।

আধুনিকতার এই যুগেও গ্রামীণ জনপদের ঐতিহ্যবাহী এই হাট এবং এর প্রাণকেন্দ্রে গড়ে ওঠা মিষ্টান্নশিল্প লোকসংস্কৃতির এক অনন্য রূপ ধরে রেখেছে।

Read full story at source