চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকের ন্যূনতম মজুরি বাড়ল ৪,৮০০ টাকা
· Prothom Alo

চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি হবে ১১ হাজার ৯০০ টাকা। বর্তমানে এ খাতের ন্যূনতম মজুরি ৭ হাজার ১০০ টাকা। অর্থাৎ শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি পেয়েছে ৪ হাজার ৮০০ টাকা।
Visit tr-sport.bond for more information.
গত সপ্তাহে চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিক ও কর্মচারীদের মজুরি চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৪০৫ টাকা। বর্তমানে কর্মচারীদের ন্যূনতম ৮ হাজার ৫২৫ টাকা। সেই হিসাবে মজুরি বাড়ছে ৫ হাজার ৮৮০ টাকা। আর শিক্ষানবিশ কর্মচারীদের মজুরি ১০ হাজার টাকা।
জানা যায়, চলতি বছরের শুরুর দিকে এই খাতের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠিত হয়। কয়েকটি সভার পর গত আগস্টে মজুরি বোর্ড মজুরিকাঠামো চূড়ান্ত করে। প্রতিবছর মজুরি বাড়বে ৫ শতাংশ। সর্বশেষ ২০২০ সালের সেপ্টেম্বর মাসে মজুরি বোর্ডের মাধ্যমে এই খাতের মজুরি নির্ধারণ হয়েছিল।
নতুন মজুরিকাঠামো অনুযায়ী, ন্যূনতম মজুরি ১১ হাজার ৯০০ টাকা হলেও শিক্ষানবিশ শ্রমিকদের মজুরি হবে সব মিলিয়ে ১০ হাজার টাকা। শিক্ষানবিশকাল হবে তিন মাস। প্রয়োজনে এই সময় বাড়াতে পারবে মালিকপক্ষ।
মজুরিকাঠামোতে শ্রমিকদের গ্রেড আছে ছয়টি। ন্যূনতম ষষ্ঠ গ্রেডে সহকারী অপারেটরদের মাসিক মজুরি ১১ হাজার ৯০০ টাকা। তার মধ্যে মূল মজুরি ৬ হাজার টাকা আর বাড়িভাড়া ৩ হাজার টাকা। এর বাইরে চিকিৎসা ভাতা বাবদ ১ হাজার টাকা, যাতায়াত ৬০০ টাকা ও খাদ্য ভাতা বাবদ ১ হাজার ৩০০ টাকা। এই ২ হাজার ৯০০ টাকা সব গ্রেডের শ্রমিকেরা একই হারে পাবেন।
পঞ্চম গ্রেডের জেনারেল অপারেটরদের মোট মাসিক মজুরি ১৩ হাজার ৮৫ টাকা। চতুর্থ গ্রেডের জুনিয়র অপারেটরদের মজুরি ১৪ হাজার ৪০৫ টাকা; তৃতীয় গ্রেডের অপারেটরদের ১৫ হাজার ৮৭৫ টাকা; দ্বিতীয় গ্রেডের সিনিয়র অপারেটদের ১৭ হাজার ৯৪৫ টাকা; প্রথম গ্রেডের চিফ কোয়ালিটি কন্ট্রোলার, লাইন লিডার ও স্যাম্পল ম্যান পদের শ্রমিকদের বেতন বেড়ে হয়েছে ২৩ হাজার ২৫৫ টাকা।
এদিকে কর্মচারীদের চারটি গ্রেডের মধ্যে নিম্নতম গ্রেডের মজুরি ১৪ হাজার ৪০৫ টাকা। তার মধ্যে মূল মজুরি ৭ হাজার ৬৭০ টাকা ও বাড়িভাড়া ৩ হাজার ৮৩৫ টাকা। শ্রমিকদের মতো কর্মচারীরাও ২ হাজার ৯০০ টাকার চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভাতা পাবেন। তৃতীয় গ্রেডের কর্মচারীদের ১৬ হাজার ২৩৫ টাকা, দ্বিতীয় গ্রেডে ১৮ হাজার ৮১৫ ও প্রথম গ্রেডের মজুরি বেড়ে হয়েছে ২০ হাজার ৬০০ টাকা।
জানা যায়, দেশে প্রায় ২০০টি চামড়াপণ্য ও জুতা কারখানা আছে। এসব কারখানায় দুই লাখের বেশি শ্রমিক–কর্মচারী কাজ করেন। মজুরি বোর্ডে শ্রমিকপক্ষ প্রথমে সাড়ে ১২ হাজার টাকা ন্যূনতম মজুরি দাবি করে প্রস্তাব দিয়েছিল। তার বিপরীতে মালিকপক্ষ প্রথমে দিতে চেয়েছিল ৮ হাজার টাকা।
চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিকদের জন্য গঠিত মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি মো. মুমিনুল আহসান প্রথম আলোকে বলেন, বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে মালিকেরা চ্যালেঞ্জের মধ্যে আছেন। অন্যদিকে মূল্যস্ফীতির কারণে শ্রমিকেরা ভালো নেই। সব দিক বিবেচনা করেই সর্বসম্মতিক্রমে এই মজুরি নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে চূড়ান্ত হওয়া মজুরিতে শ্রমিকের ন্যূনতম চাহিদা মিটবে কি না, জানতে চাইলে শ্রমিকপক্ষের প্রতিনিধি আওরেঙ্গজেব চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, ‘শ্রমিকেদের সন্তুষ্ট হওয়ার কারণ নেই। কারণ, বর্তমান বাজারদরের সঙ্গে এই মজুরি যায় না।’ তাহলে কম মজুরি প্রস্তাব করেছিলেন কেন জানতে চাইলে তিনি বলেন, তখন দেশের সামগ্রিক অবস্থা বিবেচনা করে কম মজুরি প্রস্তাব করা হয়েছিল।