১৮৬ ক্যারেটের হিরার নেকলেস, পাহারায় চার নিরাপত্তাকর্মী! জেনিফার লোপেজের রাজকীয় সাজ
· Prothom Alo

রেড কার্পেটে ঝলমলে উপস্থিতি জেনিফার লোপেজের জন্য নতুন কিছু নয়। তবে এবার তাঁর সাজের চেয়েও বেশি আলোচনায় এসেছে একটি নেকলেস। ১৮৬ ক্যারেটের হিরা বসানো ডলচে অ্যান্ড গাব্বানা-র এই বিশেষ গয়নার নিরাপত্তায় নিয়োজিত ছিলেন চারজন নিরাপত্তাকর্মী। তাঁদের মধ্যে ছিলেন দুজন সশস্ত্র পুলিশ কর্মকর্তা। আর সেই দুর্লভ নেকলেসের সঙ্গে শ্যান্টিলি লেস গাউন ও স্যাটিন জ্যাকেটে জেনিফার যেন হয়ে উঠেছিলেন রাজকীয় আভিজাত্যের প্রতিচ্ছবি।
১৯ নভেম্বর লস অ্যাঞ্জেলেসে নিজের কনসার্ট-ফিল্ম ‘দা জেলো শো: লাইভ ইন ভেগাস’-এর প্রিমিয়ারে হাজির হয়েছিলেন এই পপ তারকা। অনুষ্ঠানে তাঁর পুরো সাজের দায়িত্বে ছিল ইতালীয় ফ্যাশন হাউস ডলচে অ্যান্ড গাব্বানা। পরনে ছিল ব্র্যান্ডটির শ্যান্টিলি লেস-এর সাদা গাউন।
Visit esporist.com for more information.
View this post on Instagram
এর ওপর ছিল স্যাটিনের জ্যাকেট, যার কলার ও কাফে ছিল মিঙ্ক ফার ট্রিম এবং সূক্ষ্ম কারুকাজ। তবে পুরো সাজের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ১৮৬ ক্যারেটের ডায়মন্ড সিসিলিয়া নেকলেসটি।
নেকলেসের কেন্দ্রে ১১০ ক্যারেটের হিরে
নেকলেসটির সবচেয়ে আকর্ষণীয় অংশ এর বিশাল হলুদ পেয়ার-শেপড ডায়মন্ড। এর ওজন ১১০ ক্যারেট। চারপাশে বসানো অন্যান্য হিরার সঙ্গে মিলিয়ে পুরো নেকলেসটির ওজন ১৮৬ ক্যারেট।
ডলচে অ্যান্ড গাব্বানা-র এই বিশেষ গয়না তৈরি হয়েছে ব্র্যান্ডটির আলতা জোইয়েল্লেরিয়া কালেকশনের অংশ হিসেবে। নেকলেসটির সঙ্গে মানানসই হিরার কানের দুল ও অন্যান্য গয়নাও পরেছিলেন জেনিফার।
এত মূল্যবান গয়না সামলে রাখা যে সহজ নয়, তা বোঝা গেছে নিরাপত্তাব্যবস্থা দেখেই। নেকলেসটির নিরাপত্তায় ছিলেন চারজন কর্মী, যাঁদের মধ্যে দুজন সশস্ত্র অফ-ডিউটি পুলিশ কর্মকর্তা।
রেড কার্পেটে বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে জেনিফার বলেন, নেকলেসটির দিকে নজর রাখতে চারপাশে সারাক্ষণ নিরাপত্তাকর্মীরা রয়েছেন।
গয়নাটিকে অত্যন্ত দামি উল্লেখ করে তিনি বলেন, এটি সত্যিই অপূর্ব। যাঁর সংগ্রহে শেষ পর্যন্ত যাবে, তিনি ভাগ্যবান হবেন। এটি নিঃসন্দেহে প্রজন্ম থেকে প্রজন্মে রেখে দেওয়ার মতো একটি গয়না।
প্রিমিয়ারে বিশেষ উপহার
এই গাউন ও নেকলেসের প্রতি জেনিফারের ভালো লাগা অবশ্য নতুন নয়। গত জুলাইয়ে ইতালির তাওরমিনায় ডলচে অ্যান্ড গাব্বানা-র আলতা মোডা ফ্যাশন শোতে পারফর্ম করতে গিয়ে প্রথম নজরে আসে তাঁর গয়নাটি।
সেই সঙ্গে পছন্দ হয়েছিল স্যাটিন জ্যাকেটিও। তখনই নিজের ভালো লাগার কথা জানিয়েছিলেন তিনি। পরে ব্র্যান্ডের পক্ষ থেকে প্রিমিয়ারের জন্য জ্যাকেটি উপহার দেওয়া হয় এবং নেকলেসটি তাঁকে পরার জন্য পাঠানো হয়।
রেড কার্পেটে জেনিফারের স্টাইলিংয়ে ছিলেন রব জাঙ্গার্দি ও মারিয়েল হেন। চুল সাজিয়েছেন ক্রিস অ্যাপলটন।
গাউনের নরম লেস, স্যাটিনের আভিজাত্য আর হলুদ হিরার উজ্জ্বলতা। সব মিলিয়ে সাজে তৈরি হয়েছিল দারুণ এক বৈপরীত্য।
জেনিফারের জীবনে নতুন অধ্যায়
ফ্যাশনের বাইরেও ‘দা জেলো শো’ জেনিফারের জীবনে বিশেষ তাৎপর্য বহন করছে। লাস ভেগাসে তাঁর কনসার্টের পরিবেশনা নিয়ে তৈরি এই শোতে রয়েছে জনপ্রিয় গানগুলোর পাশাপাশি শৈশব থেকে বিশ্বখ্যাত তারকা হয়ে ওঠার গল্প। নিজের জীবনের নানা অভিজ্ঞতাও তুলে ধরেছেন তিনি।
প্রিমিয়ারে জেনিফার জানান, নতুন অ্যালবামের কাজ করছেন এবং নতুন গান তৈরি করায় ব্যস্ত সময় কাটছে তাঁর। একই সঙ্গে জীবনের নতুন অধ্যায় উপভোগ করছেন। তাঁর যমজ সন্তান এমে ও ম্যাক্স এখন কলেজে পড়ছেন। সন্তানদের বাড়ি ছেড়ে যাওয়ার অভিজ্ঞতা তাঁর জন্য আবেগপূর্ণ হলেও জীবনের এই পরিবর্তনকে ইতিবাচকভাবে দেখছেন তিনি।
বিয়ে ও সম্পর্ক নিয়েও নিজের উপলব্ধির কথা জানিয়েছেন এই তারকা। আপাতত নতুন সম্পর্কে জড়ানোর তাড়া নেই তাঁর। নিজের জীবন নিয়ে তিনি সুখী এবং নিজের মতো করে সময় কাটাতেই স্বচ্ছন্দ।
‘দা জেলো শো: লাইভ ইন ভেগাস’ আগামী ২৬ নভেম্বর যুক্তরাষ্ট্রে সিবিএস ও প্যারামাউন্ট প্লাস-এ প্রচারিত হবে। একই দিন প্যারামাউন্ট প্লাস-এ দেখা যাবে এর বর্ধিত সংস্করণও।