ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ফাহিম সালেহর নামে বৃত্তি ও তহবিল চালু

· Prothom Alo

পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা প্রয়াত ফাহিম সালেহর নামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বৃত্তি ও তরুণ উদ্যোক্তাদের জন্য তহবিল গঠন করা হয়েছে। ‘ফাহিম সালেহ স্কলারশিপ’ ও ‘ফাহিম সালেহ ইয়ুথ এন্টারপ্রেনিউরশিপ এনডাওমেন্ট ফান্ড’ নামে এই দুটি উদ্যোগে অনুদান দিয়েছেন ফাহিমের মা–বাবা।

Visit catcross.org for more information.

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে উদ্যোগ দুটি নিয়ে সমঝোতা স্মারক সই হয়। এতে স্বাক্ষর করেন ফাহিমের বাবা সালেহ উদ্দিন আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আরিফুল ইসলাম।

তহবিল চালুর বিষয়ে আরিফুল ইসলাম বলেন, ‘আজ থেকে আমরাও ফাহিমের কাজ ও স্বপ্ন এগিয়ে নিতে কাজ করব। এটি আমাদের জন্য একটি বিশেষ সুযোগ ও সম্মানের বিষয়।’ এই উদ্যোগের সঙ্গে ফাহিমের পরিবারকে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য তিনি ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা লেডি সৈয়দা সারওয়াত আবেদ এবং জাতিসংঘের সাবেক কর্মকর্তা হুমায়ুন কবিরকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, ‘এই তহবিলকে আমাদের একটি লক্ষ্য হিসেবে দেখতে হবে।’ এ সময় তিনি আরও ঘোষণা করেন, বিশ্ববিদ্যালয়ও অনুদানের সমপরিমাণ অর্থ দেবে।

অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতার কথা জানান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস সিফাত। তাঁর মা–বাবা চিকিৎসাধীন থাকায় পরিবারের খরচ তাঁর বড় বোনের আয়ের ওপর নির্ভরশীল ছিল। ব্র্যাক ইউনিভার্সিটি থেকে পাওয়া বৃত্তি তার পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করেছে।

ফাহিম সালেহর স্মরণে এই উদ্যোগ নেওয়ার জন্য ব্র্যাক ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানান ফাহিম সালেহর বাবা সালেহ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডুবোটেক ডিজিটাল লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও হেড অব মার্কেটিং সৌমিক হাসান শ্রান্ত।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর অব কমিউনিকেশন্স খায়রুল বাশার। এ সময় উপস্থিত ছিলেন সিইডির হেড আফসানা চৌধুরী, রেজিস্ট্রার ডেভ ডাউল্যান্ড এবং ইন্টারন্যাশনাল অ্যান্ড স্কলারশিপ অফিসের হেড সাইদুজ্জামান শিকদার।

২০২০ সালের ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নিজ অ্যাপার্টমেন্টে খুন হন ফাহিম সালেহ। তিনি রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ও তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা ছিলেন।

২০১৫ সালে পাঠাও এবং ২০১৮ সালে নাইজেরিয়ার গোকাডা প্রতিষ্ঠা করেন ফাহিম সালেহ। অ্যাডভেঞ্চার ক্যাপিটাল ও লঞ্চ আফ্রিকা ভেঞ্চারসের মাধ্যমেও তিনি বিভিন্ন দেশের নতুন উদ্যোক্তাদের সহায়তা করেছেন। তিনি বিশ্বাস করতেন, স্থানীয় সমস্যা সমাধানের জন্য গড়ে ওঠা ব্যবসাও বড় হতে পারে। বাংলাদেশের তরুণদেরও এমন উদ্যোগ গড়ে তোলার সক্ষমতা রয়েছে বলে মনে করতেন তিনি।

যুক্তরাষ্ট্রে পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহর হত্যাকারীর ৪০ বছরের কারাদণ্ড

Read full story at source