অর্থনৈতিক চাপেও বাড়ছে বৈশ্বিক বিলাসপণ্যের বাজার, কারা কিনছেন

· Prothom Alo

বিশ্বজুড়ে মূল্যস্ফীতি, ভূরাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তায় সাধারণ মানুষের ভোগ ব্যয়ে চাপে পড়েছে। অনেকেই পোশাক, প্রসাধনী ও অন্যান্য শখের পণ্যের কেনাকাটা কমাচ্ছেন। কিন্তু এ রকম পরিস্থিতিতেও বৈশ্বিক বিলাসপণ্যের বাজারে তেমন একটা প্রভাব পড়ছে না। কারণ, নামীদামি ব্র্যান্ডের ঘড়ি, গয়না, পোশাক ও হ্যান্ডব্যাগ ক্রয় এবং বিলাসবহুল ভ্রমণে দেদার খরচ করেন অতিধনী ক্রেতারা। এর ওপর হালের নতুন সংযোজন, অর্থাৎ ব্যক্তিগত অভিজ্ঞতা লাভের জন্য তাঁদের মধ্যে দুই হাতে খরচ করার নতুন প্রবণতা জোরালো হচ্ছে। বদৌলতে বিলাসপণ্যের আন্তর্জাতিক বাজার এখনো চাঙা রয়েছে।

Visit extonnews.click for more information.

যুক্তরাষ্ট্রভিত্তিক বাজার গবেষণাপ্রতিষ্ঠান বেইন অ্যান্ড কোম্পানির ১৮ নভেম্বর প্রকাশিত সর্বশেষ সমীক্ষায় বলা হয়েছে, চলতি ২০২৬ সালের শেষে বিশ্বজুড়ে বিলাসপণ্যের বাজারের আকার বেড়ে দাঁড়াতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ইউরো। অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও এই বাজারের স্থিতিশীলতা ধরে রাখার পেছনে বড় ভূমিকা রেখেছেন অতিধনী ক্রেতারা।

বেইন অ্যান্ড কোম্পানির হিসাবে, চলতি ২০২৬ সালে বিশ্বজুড়ে বিলাসপণ্যের বাজারের শীর্ষ ক্রেতাদের ব্যয়ের পরিমাণ বেড়ে দাঁড়াতে পারে প্রায় ৭৮ হাজার কোটি ইউরো, অর্থাৎ পুরো বাজারে যত ব্যয় হবে, তার অর্ধেকের বেশি আসবে এই ক্রেতাদের পকেট থেকে। ব্যক্তিগত বিলাসপণ্য, যেমন পোশাক, জুতা, ব্যাগ, ঘড়ি, গয়না ও প্রসাধনীর বাজারেও তাঁদের ব্যয়ের হিস্যা প্রায় ৪৮ শতাংশ।

অন্যদিকে ব্যক্তিগত বিলাসপণ্যের ক্রেতার সংখ্যা কমছে। ২০২৫ সালে এ ধরনের পণ্যের ক্রেতা ছিলেন প্রায় ৩৩ কোটি। ২০২৬ সালে তা কমে ৩১ কোটি ৫০ লাখে নেমে আসতে পারে, অর্থাৎ বাজারে ক্রেতা কমলেও যাঁরা কিনছেন, তাঁদের একটি অংশের ব্যয় অনেক বেশি।

কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার

বিলাসপণ্যের বাজারে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রেতাগোষ্ঠী হলো অতিধনী ব্যক্তি ও পরিবার। তাঁদের আয় শুধু চাকরি বা ব্যবসার মুনাফার ওপর নির্ভরশীল নয়; বরং শেয়ারবাজার, আবাসন, প্রযুক্তি কোম্পানি, বিনিয়োগ ও উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদ থেকেও আয় হয়। তাঁরা মূল্যস্ফীতি বা সুদের হার বৃদ্ধির মতো পরিস্থিতিতে ব্যয় কমানোর কোনো চাপেই থাকেন না।

বেইন–আলতাগামার ২০২৫ সালের গবেষণায় দেখা যায়, বৈশ্বিক বিলাসপণ্যের বাজারের মাত্র শূন্য দশমিক ১ শতাংশ ক্রেতা মোট বাজারমূল্যের ৩৭ শতাংশের বেশি ব্যয় করেন। তাঁরা শীর্ষ পর্যায়ের ক্রেতা। বছরে ৫০ হাজার ইউরোর বেশি বিলাসপণ্য ও সেবায় ব্যয় করেন—এমন ক্রেতাদের এই শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁদের গড় বার্ষিক ব্যয় প্রায় ৩ লাখ ৬০ হাজার ইউরো। বিলাসবহুল গাড়ি ও সুস্থতাসংশ্লিষ্ট সেবা যুক্ত করলে তা ৫ লাখ ইউরো পর্যন্ত পৌঁছায়।

অন্যদিকে যাঁরা বছরে পাঁচ হাজার ইউরোর কম অর্থ বিলাসপণ্য ও সেবায় ব্যয় করেন, তাঁদের উচ্চাকাঙ্ক্ষী ক্রেতা হিসেবে চিহ্নিত করা হয়েছে গবেষণায়। এই ক্রেতাদের প্রায় ৩৫ শতাংশ গত ১৮ মাসে বিলাসপণ্যের ব্যয় কমিয়েছেন অথবা কেনাকাটা বন্ধ করেছেন। চীন, ইউরোপ ও যুক্তরাষ্ট্র—সবখানেই এ ধরনের ক্রেতাদের ব্যয় কমানোর প্রবণতা দেখা গেছে। পণ্যের দাম বেড়ে যাওয়া, দামের তুলনায় মান বা উপযোগিতা কম মনে হওয়া ও আর্থিক অনিশ্চয়তার কারণে তাঁদের মধ্যে এই প্রবণতা দেখা যায়। অর্থাৎ যাঁরা একসময় বিলাসপণ্যের বাজার সম্প্রসারণে বড় ভূমিকা রেখেছিলেন, তাঁদের একটি অংশ এখন বাজার থেকে সরে যাচ্ছেন। বিপরীতে অতিধনীরা বাজারের বড় অংশ ধরে রাখছেন।

ব্র্যান্ডগুলোর নজর মার্কিন ধনীদের দিকে

বিলাসপণ্যের বাজারে যুক্তরাষ্ট্র এখন বিশেষ গুরুত্ব পাচ্ছে। প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগের উত্থানে সে দেশে একদল নতুন ধনী তৈরি হয়েছে। শেয়ারবাজারে সম্পদ বৃদ্ধির সুফলও পাচ্ছে উচ্চ আয়ের পরিবারগুলো। তাঁদের আকৃষ্ট করতে ইউরোপের বিলাসপণ্য কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে নতুন দোকান খুলছে; আয়োজন করছে ফ্যাশন প্রদর্শনীর।

রয়টার্সের গত ২ জুনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় বিলাসপণ্যের কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের নতুন ধনী ক্রেতাদের আকৃষ্ট করতে বিশেষ উদ্যোগ নিয়েছে। এই বাজারে এলভিএমএইচ, গুচি ও মঙ্কলারের মতো ব্র্যান্ডের উপস্থিতি বাড়ছে। চীনের বাজারে দুর্বল চাহিদার কারণে যুক্তরাষ্ট্রের ক্রেতাদের গুরুত্ব বেশি বেড়েছে।

যুক্তরাষ্ট্রের বাজারেও অবশ্য ঝুঁকি আছে। রয়টার্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে সিটির ক্রেডিট কার্ডের তথ্য উদ্ধৃত করে বলা হয়, দেশটিতে সেপ্টেম্বরে বিলাসপণ্যে ক্রেডিট কার্ডের ব্যয় আগের বছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশ কমেছে। এর আগে জুলাই ও আগস্টে ব্যয় কমেছিল, অর্থাৎ অতিধনী ক্রেতাদের বাজার ঠিক থাকলেও বৃহত্তর ক্রেতাগোষ্ঠীর মধ্যে সতর্কতা বাড়ছে।

বিলাসবহুল গাড়ি জাগুয়ার

চীনের বাজারে বদলে যাচ্ছে ক্রেতাদের পছন্দ

একসময় বৈশ্বিক বিলাসপণ্যের বাজার সম্প্রসারণে চীনা ক্রেতাদের বড় ভূমিকা ছিল। কিন্তু দেশটির আবাসন খাতের সংকট, অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভোগ ব্যয়ে সতর্কতার কারণে এই বাজার এখন চাপের মুখে। বেইনের ২০২৬ সালের পূর্বাভাস অনুযায়ী, চীনের মূল ভূখণ্ডে ব্যক্তিগত বিলাসপণ্যের বাজার ১ থেকে ৩ শতাংশ সংকুচিত হতে পারে।

এদিকে চীনের ক্রেতারা স্থানীয় ব্র্যান্ডের বিষয়ে আগ্রহী হচ্ছেন। ২০২৬ সালের সমীক্ষায় বেইন জানিয়েছে, ২০১৯ সালের তুলনায় চীনা ক্রেতাদের স্থানীয় ব্র্যান্ড কেনার আগ্রহ ছয় গুণ বেড়েছে। সাংস্কৃতিক পরিচয়, পণ্যের মূল্য ও মানের সামঞ্জস্য এবং স্থানীয় ব্র্যান্ডের উন্নত বিপণন এ পরিবর্তনের পেছনে কাজ করছে।

পণ্যের বদলে অভিজ্ঞতায় ব্যয়

বিলাসপণ্যের বাজারে আরেকটি পরিবর্তন দেখা যাচ্ছে। সেটি হলো ধনী ক্রেতাদের একাংশ দামি পোশাক, ব্যাগ বা ঘড়ির পরিবর্তে ভ্রমণ, বিলাসবহুল হোটেলে থাকা, বিশেষ রেস্তোরাঁয় খাওয়া এবং সুস্থতা ও ব্যক্তিগত অভিজ্ঞতা অর্জনে বেশি অর্থ ব্যয় করা।

বেইনের ২০২৬ সালের সমীক্ষা অনুযায়ী, বিলাসপণ্যের বাজারে প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি হয়ে উঠেছে ভ্রমণ, আতিথেয়তা ও অন্যান্য অভিজ্ঞতাভিত্তিক সেবা। ইউরোপে পর্যটকদের ব্যয়ও পণ্য কেনাকাটা থেকে ভ্রমণ ও আতিথেয়তা খাতের দিকে চলে যাচ্ছে। একই সঙ্গে পুরোনো বিলাসপণ্যের বাজার বা প্রি-ওনড লাক্সারি দ্রুত বাড়ছে। ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে এ বাজারের বার্ষিক গড় প্রবৃদ্ধি ছিল ৭–৮ শতাংশ, নতুন বিলাসপণ্যের বাজারের তুলনায় যা তিন–চার গুণ বেশি।

বাজারের ভবিষ্যৎ কোন দিকে

বিলাসপণ্যের বৈশ্বিক বাজারে ক্রেতার সংখ্যা কমলেও শীর্ষ ধনীদের ব্যয় বাড়ছে। ফলে ব্র্যান্ডগুলোর ব্যবসায়িক কৌশলে পরিবর্তন আসছে। আগে নতুন ও মধ্যম আয়ের ক্রেতাদের আকৃষ্ট করে বাজার সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হলেও এখন অতিধনী ক্রেতাদের ধরে রাখাই ব্র্যান্ডগুলোর বড় লক্ষ্য হয়ে উঠেছে।

যুক্তরাষ্ট্রের বাজার গবেষণাপ্রতিষ্ঠান বেইন অ্যান্ড কোম্পানির পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে ব্যক্তিগত বিলাসপণ্যের বাজারে ১ থেকে ৩ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। তবে ২০২৭ সালে এ খাতের প্রবৃদ্ধি হতে পারে শূন্য থেকে ৪ শতাংশের মধ্যে।

সব মিলিয়ে বিলাসপণ্যের বাজারে বৈপরীত্য তৈরি হয়েছে। অর্থনৈতিক চাপের কারণে অনেক ক্রেতা বাজার থেকে সরে যাচ্ছেন, কিন্তু অতিধনীদের ব্যয়ের কারণে বাজার টিকে যাচ্ছে। ফলে বিলাসপণ্যের বাজার ভবিষ্যৎ ক্রেতার সংখ্যা কত বাড়ল, তার চেয়ে শীর্ষ ধনীদের সম্পদ ও ব্যয়ের প্রবণতা কেমন চলছে, সেটিই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

Read full story at source