তারেক সাঈদের ভাষ্যমতে জিয়াউল আহসানের হুকুম ছাড়া কোনো অপারেশন হতো না: অ্যাটর্নি জেনারেল

· Prothom Alo

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় করা মামলায় হাইকোর্টের দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও লিভ টু আপিলের (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) ওপর শুনানি গ্রহণ শুরু হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আজ বুধবার প্রথম দিনের মতো এ শুনানি গ্রহণ করেন। আগামীকাল বৃহস্পতিবার শুনানির জন্য পরবর্তী দিন রাখা হয়েছে।

Visit turconews.click for more information.

শুনানিতে পেপারবুক থেকে হাইকোর্টের রায়ের অংশবিশেষ ও র‌্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদসহ কয়েকজন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি পড়ে শোনানো হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

দণ্ডিত আসামিদের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কীভাবে ওই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, কার কী ভূমিকা, নিজের কী ভূমিকা বর্ণনা করেছেন তা শুনানিতে উল্লেখ করা হয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। শুনানির পর নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে র‍্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের বিচার চলছে। জিয়াউল আহসান সম্পর্কে তারেক সাঈদ মোহাম্মদ, যাঁকে সাত খুন মামলার মূল আসামি বলা যায়, মাস্টারমাইন্ড—তাঁর বক্তব্য থেকেও সুস্পষ্ট এসেছে যে জিয়াউল আহসানের হুমুক ও নির্দেশনা ছাড়া কোনো অপারেশন তাঁদের দৃষ্টিতে হতো না। এটা আমরা বলেছি।’ আগামীকালও শুনানি হবে এবং শুনানি অব্যাহত থাকবে বলে আশা করেন রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা।

নারায়ণগঞ্জে খুনের ঘটনাটি ঘটে ২০১৪ সালের ২৭ এপ্রিল। এ ঘটনায় করা মামলায় ২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত রায় দেন। রায়ে র‍্যাবের সাবেক ১৬ কর্মকর্তা-সদস্য এবং নারায়ণগঞ্জের সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন ও তাঁর ৯ সহযোগীসহ মোট ২৬ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ছাড়া র‍্যাবের আরও ৯ জন সাবেক কর্মীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বিচারিক আদালতের রায়ের পর আসামিদের ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের ওপর শুনানি শেষে ২০১৭ সালের ২২ আগস্ট রায় দেন হাইকোর্ট। রায়ে ১৫ আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল এবং অপর ১১ আসামির দণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ পাওয়া ৯ আসামির দণ্ড বহাল থাকে। ২০১৮ সালের নভেম্বরে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ২০১৯ সালে র‌্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন, এম মাসুদ রানা এবং সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) বহিষ্কৃত নেতা নূর হোসেনসহ দণ্ডিত আসামিরা পৃথক আপিল ও লিভ টু আপিল করেন। এই আপিল ও লিভ টু আপিলের ওপর আজ শুনানি শুরু হলো।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল খালেদ মাহমুদুর রহমান। আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, আইনজীবী মো. মজিবুর রহমান প্রমুখ।

তারেক সাঈদের স্বীকারোক্তিসহ যা উঠে এল শুনানিতে

শুনানির সারবত্তা বিষয়ে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ব্রিফিংয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক বলেন, হাইকোর্টের রায়ে এই মামলায় ১৫ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন ও আরও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। হাইকোর্টের রায় থেকে কিছু অংশ দেখিয়েছেন। এই মামলায় হত্যাকাণ্ডের সময় কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিল না। সুতরাং আসামিরা দোষী স্বীকারোক্তিমূলক যে জবানবন্দি দিয়েছেন, পুরোটাই গুরুত্বপূর্ণ। তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা, হাবিলদার এমদাদুল হক ও সিপাহী আবু তৈয়বের জবানবন্দির কিছু অংশ পড়ে শুনিয়েছেন।

পাঁচ থেকে ছয় কোটি টাকার বিনিময়ে, একটা ফ্ল্যাটের বিনিময়ে ও কয়লার ব্যবসার সঙ্গে জড়িত থাকা—এসব কিছু সাক্ষ্যে এসেছে বলে উল্লেখ করেন অনীক আর হক। তিনি বলেন, ‘এসব কিছুর পেছন ছিলেন, যাঁর (জিয়াউল আহসান) বিচার এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হচ্ছে, তাঁর নির্দেশে, তাঁর অনুমতি ছাড়া কোনো কিছুই র‍্যাব তখন করত না—এটি তারেক সাঈদ নিজে বলেছেন।’

জিয়াউল আহসান তখন র‍্যাবের এডিজি (অপারেশন্স) ছিলেন উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, তারেক সাঈদ ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন এভাবে যে ২০১৩ সালের নভেম্বরের প্রথম সপ্তাহে র‍্যাব-১১-এর কমান্ডিং অফিসার হিসেবে তিনি যোগদান করেন। র‍্যাবের অপারেশনাল নিয়ম অনুযায়ী, র‍্যাবের তালিকাভুক্ত সন্ত্রাসীদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য র‍্যাব সদর দপ্তরের এডিজি (অপারেশন্স) কর্নেল জিয়ার অনুমতি অবশ্যই নিতে হয়। স্বতঃপ্রণোদিত হয়ে র‍্যাবের তালিকাভুক্ত কোনো সন্ত্রাসীকে গ্রেপ্তারের এখতিয়ার র‍্যাবের কোনো কমান্ডিং অফিসারের ছিল না। মার্চে র‍্যাব সদর দপ্তরে অনুষ্ঠিত সিও কনফারেন্সে কর্নেল জিয়াউল আহসান তাঁকে সন্ত্রাসীদের একটি তালিকা দেন। ওই তালিকায় নারায়ণগঞ্জের নজরুল ইসলামের (কমিশনার) নাম ছিল।…ওই তালিকায় নজরুলের নামের পাশে বিশেষ চিহ্ন দেওয়া ছিল। যা ছিল নজরুলকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর দপ্তরে পাঠাতে হবে। র‍্যাবের এডিজি (অপস) কর্নেল জিয়া তাঁকে (তারেক সাঈদ) ওই সন্ত্রাসীদের তালিকা দিয়ে নজরুলসহ তালিকায় চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের নির্দেশ দেন।’

তারেক সাঈদের জবানবন্দি উদ্ধৃত করে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল আরও বলেন, ‘নিয়ম অনুযায়ী প্রত্যেক সিও’স কনফারেন্সের পরদিন প্রত্যেক ব্যাটালিয়ান কোম্পানি কমান্ডারদের কনফারেন্স হয়। এরই ধারাবাহিকতায় মার্চ মাসে কনফারেন্সের পরদিন তারেক সাঈদ র‍্যাবের কোম্পানি কমান্ডারদের কনফারেন্সে এডিজি কর্নেল জিয়ার দেওয়া সন্ত্রাসীদের তালিকা জানিয়ে দেন। তাঁদের গ্রেপ্তারের বিষয়ে নির্দেশ দেন। ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে যাঁরা অপারেশন পরিচালনা করেছেন, তাঁরা ওই ঘটনার পূর্বাপর ক্ষেত্রে তৎকালীন কর্নেল জিয়াউল আহসানের যে ভূমিকা ছিল, তা বর্ণনা করেছেন।’ ওই হত্যাকাণ্ডের সঙ্গে একটা আর্থিক সংশ্লেষ, একটা ফ্ল্যাট ও কয়লার ব্যবসা—এসব বিষয় এসেছে বলেও উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল।

এক যুগ আগে সাত খুন

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জের লিংক রোডের লামাপাড়া এলাকায় র‌্যাবের সদস্যরা চেকপোস্ট বসিয়ে কাউন্সিলর নজরুল ইসলামের গাড়ি থামান। র‌্যাব নজরুল, তাঁর তিন সহযোগী ও গাড়িচালককে তুলে নিয়ে যায়। এ সময়ে ওই পথ দিয়ে যাচ্ছিলেন আইনজীবী চন্দন সরকার। তিনি অপহরণের বিষয়টি দেখে ফেলায় তাঁকে ও তাঁর গাড়িচালককেও র‌্যাব তুলে নিয়ে যায়। পরে তাঁদের সবাইকে হত্যা করে ওই রাতেই পেট কেটে এবং ইটের বস্তা বেঁধে লাশ শীতলক্ষ্যা নদীতে ডুবিয়ে দেয়। ওই বছরের ৩০ এপ্রিল ছয়জন ও পরদিন একজনের লাশ ভেসে ওঠে। সাতজন হলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, তাঁর বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, নজরুলের গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম। ওই ঘটনায় দুটি মামলা হয়, একটির বাদী নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম এবং অপরটির বাদী আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল। এই দুই মামলায় বিচারিক আদালতের পর হাইকোর্টের রায় হয়েছে। আপিল বিভাগে আজ শুনানি শুরু হলো।

Read full story at source