ক্যাম্পাস ফ্যাশন থেকে পাওয়ার ড্রেসিং, ৪ লুকে শানায়ার নতুন চমক
· Prothom Alo

স্কুলের পোশাক, টাই আর ব্লেজারে ক্যাম্পাস ফ্যাশনের নতুন রূপ তুলে ধরেছেন বলিউড অভিনেত্রী শানায়া কাপুর। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার: আফটার ডার্ক’ সিরিজের প্রচারণায় চার ভিন্ন লুকে প্রিপি, গ্ল্যামারাস ও ক্যাজুয়াল সাজে নজর কেড়েছেন তিনি।
বলিউডের নবীন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় শানায়া কাপুর। অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও নিজের স্বতন্ত্রতা তুলে ধরছেন তিনি। পশ্চিমা পোশাক থেকে শুরু করে ঐতিহ্যবাহী সাজ—বিভিন্ন ধরনের লুকেই সাবলীল শানায়া। এরই মধ্যে ২০২৬ সালের রহস্য-রোমাঞ্চধর্মী সিরিজ ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার: আফটার ডার্ক’-এর প্রচারণার অংশ হিসেবে বেশ কিছু ছবি শেয়ার করেছেন শানায়া। সিরিজটির গল্পের প্রেক্ষাপট কাল্পনিক ‘সেন্ট তেরেসা হেরিটেজ স্কুল’।এতে আয়েশা মালিক ও অদিতি—দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিরিজটির আবহের সঙ্গে মিল রেখে ফটোশুটে বেছে নেওয়া হয়েছে ক্যাম্পাস ও স্কুল ইউনিফর্ম-অনুপ্রাণিত পোশাক।মেথড ড্রেসিংয়ের এই আয়োজনে পরিচিত স্কুল পোশাকের ধরনকে আধুনিক, ফ্যাশনেবল ও রহস্যময় রূপে তুলে ধরেছেন শানায়া।
Visit sportbet.reviews for more information.
পাওয়ার ড্রেসিংয়ে গ্ল্যামারের ছোঁয়া
প্রিমিয়ারে তাঁর পরনে ছিল নিখুঁত কাটের নেভি ব্লু পিন স্ট্রাইপ স্যুট। সাধারণত লালগালিচার আয়োজনে তারকারা ঝলমলে পোশাক, জমকালো গাউন কিংবা স্লিট পোশাক বেছে নেন। তবে শানায়া সে পথে না হেঁটে বেছে নিয়েছেন ট্রাউজার স্যুট।
এর সঙ্গে ছিল একই নকশার হাই ওয়েস্ট ওয়াইড লেগ প্যান্ট। অনুষঙ্গ নির্বাচনে বেশ মিনিমাল ছিলেন শানায়া। গলায় শোভা পাচ্ছে ছোট্ট ক্রস পেনডেন্টের চেইন। মাঝখানে সিঁথি করে হালকা ঢেউখেলানো চুল খোলা রেখেছিলেন তিনি।
মেকআপে প্রাধান্য পেয়েছে ন্যুড টোন। সব মিলিয়ে অনুষঙ্গ ও সাজসজ্জার পরিমিত ব্যবহার পোশাকের নকশা ও কাটকেই রেখেছে মূল আকর্ষণে।
স্কুল গার্ল লুকে ফ্যাশনেবল শানায়া
প্রিপি লুকে নজর কাড়লেন অভিনেত্রী। এই লুকে শানায়ার পরনে ছিল বেইজ ও সাদা চেকের ফুলহাতা শার্ট। শার্টের সাদা কলার ও একই কাপড়ের টাই পুরো সাজে এনেছে স্কুল ইউনিফর্মের আবহ।
এর সঙ্গে পরেছেন ক্যামেল ব্রাউন রঙের টেইলরড ওয়াইড লেগ ট্রাউজার। পায়ে হালকা ক্রিম রঙের স্লিপ-অন লোফার জুটি হয়েছে। চুল পরিপাটি করে পনিটেইলে বাঁধা। হালকা,ন্যাচারাল মেকআপে লুকটি ছিল বেশ ছিমছাম ও স্নিগ্ধ।
শানায়ার ক্যাম্পাস ফ্যাশন
প্রিপি ফ্যাশনের এক দারুণ উদাহরণ হয়ে উঠেছে শানায়া কাপুরের এই লুক। তাঁর পরনে কালো রঙের ওভারসাইজড, স্ট্রাকচারাল গড়নের সিঙ্গেল ব্রেস্টেড ব্লেজার। ব্লেজারের বুকপকেটে রাখা বারগান্ডি রঙের নকশা করা পকেট স্কয়ার যোগ করেছে বাড়তি আভিজাত্য।
এর নিচে হালকা নীল ডোরাকাটা শার্ট ও বারগান্ডি-সাদা টাই। সঙ্গে সাদা লেসের কালো প্লিটেড মিনি স্কার্ট জুটি হয়েছে।
খোলা ও স্ট্রেইট চুলের সাথে গ্লসি ন্যুড লিপস্টিক এবং চোখে হালকা কাজল ও মাসকারার ছোঁয়া তাঁর লুকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ক্যাম্পাস-অনুপ্রাণিত ফ্যাশনে শানায়া একশতে একশ।
শানায়ার ক্যাজুয়াল লুক
রহস্যময় আবহের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজানো হয়েছে শানায়ার এই ক্যাজুয়াল লুক। সাদা ফুলহাতা টপের ওপর পরেছেন চারকোল গ্রে রঙের ওভারসাইজড গ্রাফিক টি-শার্ট।
এর হাতায় রয়েছে ক্রস ও রোজারির প্রিন্ট। সঙ্গে হালকা বাদামি রঙের জিনস ও ন্যুড পয়েন্টেড হিল। গলায় রয়েছে সিলভার লেয়ারের নেকপিস। ঘন, ঢেউখেলানো চুল খোলা রেখেছেন তিনি। সব মিলিয়ে ক্যাজুয়াল সাজেও ফুটে উঠেছে রহস্যময় আবহের ছাপ।
ছবি: ইন্সটাগ্রাম