যে রেস্তোরাঁয় কথা বলে না কেউ, কাজ চলে ইশারা আর হাসিতে

· Prothom Alo

ক্যাশে থাকা সব টাকা তুলে দিয়েছিলেন এক অপরিচিতের হাতে। এর পেছনের গল্পটা কী?

চীনের তাইয়ুয়ান শহরের ছোট্ট একটা খাবারের দোকানে ঢুকলে কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না, ‘কী খাবেন?’ দোকানে মেনু বলতে কাউন্টারে ছাপা খাবারের তালিকা। আঙুল দিয়ে দেখিয়ে দিলেই হলো। বিনিময়ে মিলবে এক উজ্জ্বল হাসি।

Visit somethingsdifferent.biz for more information.

দোকানটি চালান ইয়িন ইং আর তাঁর স্বামী ফেং ইয়াবিন। দুজনেরই শ্রবণপ্রতিবন্ধিতা আছে।

ভালোবাসার টানে দূর দেশে
ফেং তাইয়ুয়ানেরই ছেলে। আট বছর আগে ভালোবেসে বিয়ে করেন ইয়িনকে, যিনি এসেছিলেন দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের চাওশান অঞ্চল থেকে। ফেং শ্রবণযন্ত্রের সাহায্যে মোটামুটি শুনতে পান, কথাও বলেন স্পষ্ট। ইয়িনের সমস্যা আরও বেশি, তাই তিনি কথা বলেন ইশারা ভাষায়। তাঁদের সাত বছরের সন্তানটি শুনতে পায়।

ফেং লক্ষ্য করেন, ইয়িন অনলাইনে খাবারের ভিডিও দেখতে খুব ভালোবাসে। স্ত্রীর মন খারাপ, নিজের অঞ্চলের জন্য টান, এটাও তিনি বুঝতেন। তাই সব জমানো টাকা ঢেলে খুলে ফেললেন একটি দোকান। সেখানে পাওয়া যাচ্ছে চাওশানের পরিচিত রাস্তার খাবার, ভাপে সেদ্ধ চালের পাতলা রোল, ভেতরে গরুর কিমা, ডিম ও আস্ত চিংড়ি।

দেয়ালে আঁকা তাঁদের জগৎ
ফেং পড়াশোনা করেছেন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের কলেজে, বিষয় চারুকলা। পরে বেইজিং ও সাংহাইয়ে অ্যানিমেশন ডিজাইনের কাজ করেছেন। শহরে ফিরে খুলেছেন একটি আঁকার স্টুডিও, যেখানে শ্রবণপ্রতিবন্ধী শিশুদের ছবি আঁকা শেখান।

দোকানের সাজসজ্জাও তাঁর নিজের হাতে। দেয়ালজুড়ে তাঁর আঁকা কার্টুন; আর স্ত্রীর রান্নার প্রশংসায় ইশারা ভাষার ছবি। তিনি মনে করেন, এসব ছবি দেখে গ্রাহকেরা তাঁদের জগৎটা একটু বুঝতে পারবেন। দোকানের কর্মীদেরও কয়েকজন শ্রবণপ্রতিবন্ধী।

এক অপরিচিত অতিথি
দোকানের নাম ‘চাওশান ডেফ সিস্টার’। সম্প্রতি হঠাৎ এটি অনলাইনে আলোচনায় আসে। ৩ লাখ অনুসারীর এক ইনফ্লুয়েন্সার সেখানে গিয়ে বললেন, তাঁর কাছে টাকা নেই, বিনা পয়সায় কিছু খাওয়া যাবে কি?

এখন প্রশ্ন হলো, এমন অনুরোধে আপনি কী করতেন? ইয়িন শুধু বিনা মূল্যে রোল বানিয়ে দেননি। কাউন্টারে সেদিন যত টাকা ছিল, সবই দম্পতি তুলে দিলেন তাঁর হাতে। বললেন, দরকার হলে আবার এসো।

ফেং নিজের হাতে দোকান সাজিয়েছেন। দেয়ালে তাঁর আঁকা কার্টুন আর ইশারা ভাষার ছবি, সবই স্ত্রীর রান্নার প্রশংসায়

ইনফ্লুয়েন্সার পরে একটি গাছের পাতায় তাঁদের প্রতিকৃতি খোদাই করে উপহার দেন। পুরো ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে অনেকে সাহায্য পাঠাতে চাইলেন। কেউ কেউ দোকানে খাবারের অর্ডার দিলেন; কিন্তু ডেলিভারি চাইলেন না। দম্পতি কৃতজ্ঞতা জানালেন, তবে অনুরোধ করলেন, কষ্টের উপার্জন এভাবে নষ্ট না করতে।

ফিরিয়ে দেওয়ার গল্প
এরপর দোকানে একটি নোটিশ ঝুলানো হলো, ‘যাঁরা কঠিন সময় পার করছেন, তাঁরা বিনা পয়সায় খেয়ে যেতে পারেন। শ্রবণপ্রতিবন্ধী শিক্ষার্থী আর পরিচ্ছন্নতাকর্মীদের জন্যও আছে বিনা মূল্যে খাবার।’

ফেং আর ইয়িনের কাছে এটা কোনো বড় ঘোষণা নয়। জীবনে যে দয়া পেয়েছেন, সেটিই অন্যকে ফিরিয়ে দেওয়া। এই গল্প পড়ে একজন অনলাইনে লিখেছেন, ‘ভালো কাজের পুরস্কার ভালো কাজই।’

হয়তো এই ছোট দোকানে সত্যিই কথার প্রয়োজন পড়ে না। হাসিই যথেষ্ট।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্টসহপাঠীর শেষ ইচ্ছা পূরণে হাসপাতালের কেবিন হয়ে উঠল শ্রেণিকক্ষ

Read full story at source