লুটিয়ে পড়ছিল খামারের একের পর এক গরু, দুটির মৃত্যু, চারটি জবাই
· Prothom Alo

খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে একের পর এক গরু অসুস্থ হয়ে পড়ছিল। মারা যায় দুটি গরু। পরিস্থিতি দেখে তড়িঘড়ি করে জবাই করা হয় আরও চারটি গরু। চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে গরুর একটি খামারে আজ সকালে এ ঘটনা ঘটে। খামারমালিকের অভিযোগ, কেউ খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়ার কারণে এ ঘটনা ঘটেছে।
খামারের তত্ত্বাবধায়ক আমির গাজী জানান, প্রতিদিনের মতো আজ সকালেও তিনি গরুগুলোকে খাবার দেন। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই গরুগুলোর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বিষয়টি তাৎক্ষণিকভাবে খামারের মালিককে জানানো হয়।
Visit asg-reflektory.pl for more information.
মালিক ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুটি বাছুর মারা যায়। পরিস্থিতি বেগতিক দেখে চারটি গরু জবাই করে ফেলা হয়। অসুস্থ হয়ে পড়েছে আরও কয়েকটি গরু।
খামারটির মালিক স্থানীয় আকবর গাজী। মারা যাওয়া, জবাই করা ও অসুস্থ হয়ে পড়া মোট সাতটি গরুর আনুমানিক দাম ১৫ লাখ টাকা বলে তিনি জানান। আকবর গাজী বলেন, তাঁর ভাই কালু গাজীর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে প্রতিপক্ষ গরুর খামারে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে প্রকৃত দোষীদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
খবর পেয়ে খামারটিতে ছুটে যান চাঁদপুর সদর উপজেলা ভেটেরিনারি সার্জন নূরনবী প্রামাণিক। তিনি বলেন, ঘটনাস্থল থেকে জবাই করা গরুর রক্ত ও গরুর খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্ত ও সংগৃহীত নমুনা পরীক্ষার পর গরুগুলোর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। মোহাম্মদ দেওয়ান নামেv একজন বলেন, গরু অবলা প্রাণী। গরুর সঙ্গে এ ধরনের নিষ্ঠুর আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষ প্রয়োগে নাকি অন্য কোনো কারণে গরুগুলোর মৃত্যু হয়েছে, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে দায়ী ব্যক্তিদের উপযুক্ত শাস্তির আওতায় আনা হোক।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস আলম। তিনি বলেন, এ ঘটনায় এখনো থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।