২০ বছর পর তিন ঘণ্টার গণ্ডি পেরোচ্ছেন শাহরুখ

· Prothom Alo

‘পাঠান’ ও ‘জওয়ান’—শাহরুখ খানের সাম্প্রতিক দুই ব্লকবাস্টারের কোনোটিই তিন ঘণ্টা ছোঁয়নি। তবে তাঁর নতুন ছবি ‘কিং’ তিন ঘণ্টার গণ্ডি ছাড়াতে পারে। যুক্তরাষ্ট্রের সিনেমার টিকিট বিক্রির ওয়েবসাইট ফ্যান্ডাঙ্গোর তালিকায় সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটির দৈর্ঘ্য দেখানো হয়েছে ৩ ঘণ্টা ১৭ মিনিট। এই হিসাবই চূড়ান্ত হলে, প্রায় দুই দশক পর শাহরুখকে প্রধান ভূমিকায় দেখা যাবে তিন ঘণ্টার বেশি দৈর্ঘ্যের কোনো ছবিতে।

Visit milkshakeslot.com for more information.

‘কিং’ কতক্ষণ চলবে
এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, ‘কিং’-এর দৈর্ঘ্য হতে পারে প্রায় ২ ঘণ্টা ৩৫ মিনিট। ফ্যান্ডাঙ্গোর তালিকায় দেওয়া দৈর্ঘ্য সেই হিসাবের চেয়ে ৪২ মিনিট বেশি। ছবির নির্মাতারা এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত দৈর্ঘ্য জানাননি। ফলে ৩ ঘণ্টা ১৭ মিনিটের হিসাবটি শেষ পর্যন্ত বহাল থাকবে কি না, তা জানতে অপেক্ষা করতে হবে।

‘কিং’–এ শাহরুখ খান। এক্স থেকে

শাহরুখের ক্যারিয়ারে তিন ঘণ্টার বেশি দৈর্ঘ্যের ছবির উদাহরণ আছে। ২০০৬ সালে মুক্তি পাওয়া করণ জোহরের ‘কভি আলবিদা না কেহনা’ চলেছিল তিন ঘণ্টার বেশি। তাঁর সাম্প্রতিক ছবিগুলোর মধ্যে ‘পাঠান’-এর দৈর্ঘ্য ২ ঘণ্টা ২৬ মিনিট এবং ‘জওয়ান’-এর ২ ঘণ্টা ৪৯ মিনিট। ফ্যান্ডাঙ্গোর হিসাব অনুযায়ী, ‘কিং’ হবে ‘পাঠান’-এর চেয়ে ৫১ মিনিট এবং ‘জওয়ান’-এর চেয়ে ২৮ মিনিট দীর্ঘ।

ট্রেলারেও থাকতে পারে সাড়ে তিন মিনিটের ঝলক
ছবির পাশাপাশি ‘কিং’-এর ট্রেলারের দৈর্ঘ্য নিয়েও আলোচনা চলছে। ভ্যারাইটি ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ট্রেলারটি তিন থেকে সাড়ে তিন মিনিটের হতে পারে। সম্পাদকেরা এর একাধিক সংস্করণ নিয়ে কাজ করছেন। ট্রেলারে ছবির অ্যাকশন, গানের ঝলক এবং বড় পরিসরে ধারণ করা কয়েকটি দৃশ্য রাখার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে কাহিনির গুরুত্বপূর্ণ মোড়গুলো আড়ালে রাখতে চাইছেন নির্মাতারা। কোন দৃশ্যগুলো শেষ পর্যন্ত রাখা হবে, তার ওপর ট্রেলারের চূড়ান্ত দৈর্ঘ্যও নির্ভর করবে।

অনন্ত আম্বানিকে ঘিরে ভাইরাল ভিডিও, সত্যি কি ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিশ পাঠিয়েছেন শাহরুখ

শাহরুখের সঙ্গে সুহানা, পরিচালনায় আবার সিদ্ধার্থ
‘পাঠান’-এর পর ‘কিং’-এ আবারও শাহরুখকে পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এবার শাহরুখের সঙ্গে একই ছবিতে অভিনয় করছেন তাঁর মেয়ে সুহানা খান। অভিনয়শিল্পীদের তালিকায় আরও আছেন দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি, অনিল কাপুর ও অভিষেক বচ্চন।

আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘কিং’-এর। মুক্তির তারিখ সামনে রেখে এখন নজর ট্রেলারে। অ্যাকশনের কতটা সেখানে দেখা যাবে আর পুরো ছবিটি কতক্ষণ চলবে, তা নিয়েই আপাতত কৌতূহল।

Read full story at source