অতীতে শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী

· Prothom Alo

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অতীতে শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল। বর্তমান সরকার নিয়ন্ত্রক সংস্থায় পরিবর্তন এনেছে এবং রাজনৈতিক নিয়োগের বাইরে স্বাধীনভাবে কাজ করার সুযোগ তৈরি করেছে। এর ফলে বিনিয়োগকারীরা আবার বাজারে ফিরছেন। তবে বাজারের গভীরতা বাড়াতে ভালো ও মানসম্পন্ন কোম্পানিকে তালিকাভুক্ত করতে হবে।

Visit betsport.cv for more information.

আজ রোববার পাঁচ বছরের অর্থনৈতিক কৌশলপত্র নিয়ে এক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য মনজুর হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি (জোনায়েদ সাকি)। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ব্যাংকিং খাতের সংকটকে বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, অতীতে ব্যাংক খাতে যে বিপুল দায় তৈরি হয়েছে, তা এক–দুই মাস বা এক বছরের মধ্যে সমাধান করা সম্ভব নয়। ধাপে ধাপে এই সংকট কাটাতে হবে। তবে আমানতকারীদের আস্থা ফেরানো সরকারের প্রথম লক্ষ্য।

পরিকল্পনামন্ত্রীর দাবি, ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার প্রবণতা কমেছে; বরং আমানত আবার ব্যাংকে ফিরছে। আমানতকারীদের টাকা সুদসহ ফেরত দেওয়ার নিশ্চয়তা দিয়েছে সরকার। এ ক্ষেত্রে তাঁদের ধৈর্য ধরতে হবে।

দেশের অর্থনীতি এখন পুনরুদ্ধারের পর্যায়ে রয়েছে। এ কারণে আগামী কিছুদিন প্রবৃদ্ধির গতি কম থাকতে পারে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী বলেন, অর্থনীতির স্থিতিশীলতা ফেরানোর সময়ে প্রবৃদ্ধি কম হওয়ার বাস্তবতা মেনে নিতে হবে। তবে সরকার সঠিক নীতিগত পথে এগোচ্ছে কি না, নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করতে পারছে কি না, সেটিই এখন বেশি গুরুত্বপূর্ণ।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, অর্থনীতির বর্তমান পরিস্থিতি জনগণের কাছে লুকানোর কিছু নেই। ভুল পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে গেলে সরকারই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সরকারের দায়িত্ব হলো সমস্যার প্রকৃত চিত্র তুলে ধরা, কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে তা ব্যাখ্যা করা এবং তা থেকে উত্তরণের জন্য কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা জানানো।

কৌশলপত্র নিয়ে মন্ত্রী বলেন, সরকার অতীতের দিকে না তাকিয়ে সামনে এগোতে চায়। এ জন্য পাঁচ বছরের একটি কৌশলগত কাঠামো তৈরি করা হয়েছে। উন্নয়ন সহযোগীদেরও এই কাঠামোর সঙ্গে সমন্বয় করা হয়েছে। এখন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিজেদের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সহযোগিতায় পরিকল্পনা মন্ত্রণালয় ও বিবিএস যৌথভাবে জিডিপির হিসাব নিয়ে গবেষণা করেছে। এতে হিসাবের পদ্ধতিতে বেশ কিছু দুর্বলতা উঠে এসেছে। এসব তথ্য জনসমক্ষে তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতে যাতে তথ্যের বিকৃতি না ঘটে, সে বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে।

Read full story at source