মোটরসাইকেলে দোকানে যাচ্ছিলেন, পথে গাড়ির চাপায় প্রাণ গেল তাঁর
· Prothom Alo

রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ হানিফ ফ্লাইওভারে অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রাজিব সিকদার (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার বেলা একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে চারটার দিকে তাঁর মৃত্যু হয়।
Visit betsport24.es for more information.
রাজিবের মামা মো. সোহাগ শেখ বলেন, তাঁর ভাগনে মহাখালীর আকাশ ফুয়েল পাম্প সার্ভিসিংয়ে চাকরি করতেন। দুপুরে বাসা থেকে মোটরসাইকেলে করে দোকানের উদ্দেশে বের হয়েছিলেন তিনি। সায়েদাবাদ ফ্লাইওভারের ওপর অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় মোটরসাইকেলসহ সড়কে পড়ে গুরুতর আহত হন রাজিব।
পরে পথচারী রায়হান ও এমারুল হোসেন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজিবের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
রাজিব শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার শিকদারবাড়ি গ্রামের মৃত আলতাফ সিকদারের ছেলে। তিনি যাত্রাবাড়ীর রসুলপুর এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।