বরিশালে কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

· Prothom Alo

বরিশাল নগরের রূপাতলী গ্যাসটারবাইন এলাকায় অপসোনিন গ্রুপের ‘গ্লোবাল ক্যাপসুল লিমিটেড’ কারখানার বয়লার ইউনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় সন্ধ্যার পরপর আগুন নিয়ন্ত্রণে এলেও রাত আটটা পর্যন্ত পুরোপুরি নেভানো যায়নি।

গ্লোবাল ক্যাপসুল লিমিটেডের উৎপাদন বিভাগের উপব্যবস্থাপক মামুন চৌধুরী রাত আটটার দিকে জানান, বেলা ৩টা ৪১ মিনিটে সিসি ক্যামেরায় প্রথম আগুনের সূত্রপাত ধরা পড়ে। কারখানার বয়লারের অভ্যন্তরে প্রায় দুই হাজার টন কাঠের গুঁড়ি মজুত ছিল। সেই কাঠের গুঁড়িতে আগুন লাগার পর ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিকেল চারটা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর কাজ শুরু করেন। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ জানা যায়নি। তবে কাঠের গুঁড়ি ও কিছু স্থাপনার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Visit een-wit.pl for more information.

ফায়ার সার্ভিসের বরিশাল সদর স্টেশন কর্মকর্তা রবিউল আল আমিন রাত আটটার দিকে জানান, খবর পেয়ে বিকেল পৌনে চারটায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের ৭০ জন সদস্য ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। এই মুহূর্তে কাঠের গুঁড়িতে আগুন লাগায় সেটি সম্পূর্ণ নেভানো যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। কাঠের গুঁড়ি সরিয়ে ফেলা হচ্ছে।

Read full story at source