করপোরেট দুনিয়ায় টিকে থাকতে কী করবেন

· Prothom Alo

লেখাটি ২০২৫ সালের ডিসেম্বরে প্রকাশিত বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের তারুণ্য ম্যাগাজিনের একাদশ সংখ্যা থেকে নেওয়া।

বাংলাদেশে এখন হাজার হাজার তরুণ প্রতিবছর বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছেন। অনেকের ভাবনা এমন যে একটা ভালো সার্টিফিকেট হাতে থাকলেই চাকরির বাজারে সুবিধা পাওয়া যাবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। করপোরেট দুনিয়া এতটাই প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠেছে যে কেবল ডিগ্রি দিয়ে আর এগোনো সম্ভব নয়।
নিয়োগকর্তারা এখন খুঁজে দেখছেন, এই প্রার্থী কি শুধু বই পড়ে পরীক্ষা দিয়ে পাস করেছেন, নাকি বাস্তবে তাঁর সমস্যা সমাধানের ক্ষমতা আছে? তিনি কি টিমওয়ার্কে দক্ষ? তাঁর যোগাযোগ ক্ষমতা কেমন? তিনি কি নতুন প্রযুক্তি ব্যবহার করতে পারেন?

Visit tr-sport.bond for more information.

বর্তমান চাকরির বাজারে প্রার্থীর পারফরম্যান্স যাচাইয়ের মাপকাঠি বদলে গেছে। আগের মতো শুধু একাডেমিক ফল নয়; বরং ‘হোলিস্টিক স্কিল সেট’ যাচাই করা হয়।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটি জরিপে বলা হয়েছে, ২০২৫-২৬ সালের মধ্যে চাকরির বাজারে সবচেয়ে বেশি চাহিদা থাকবে সমস্যা সমাধান, গঠনমূলক চিন্তা, সৃজনশীলতা ও আবেগপ্রবণ বুদ্ধিমত্তার মতো দক্ষতার।

বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় করপোরেট কোম্পানির মানবসম্পদ বিভাগের প্রধান মিসেস সেলিনা বলেন, ‘আমরা এখন আর শুধু সার্টিফিকেট দেখি না। আমরা চাই এমন মানুষ, যে টিমকে লিড করতে পারবে, পরিবর্তন মেনে নিতে পারবে এবং নতুন কিছু শিখতে আগ্রহী হবে।’
ভাবুন তো, একই পদে আবেদন করেছেন দুই প্রার্থী। দুজনই সমান মেধাবী। একজন শুধু সিভি ও সার্টিফিকেট নিয়ে বসে আছেন। আরেকজন আত্মবিশ্বাসের সঙ্গে তাঁর করা প্রজেক্ট, অর্জিত অভিজ্ঞতা ও ভবিষ্যতের ভিশন তুলে ধরছেন। নিয়োগকর্তা কাকে বেছে নেবেন? উত্তরটা সহজ।

এটাই পারসোনাল ব্র্যান্ডিংয়ের শক্তি। পারসোনাল ব্র্যান্ডিং মানে শুধু নিজের পরিচয় নয়; বরং একটি ভ্যালু প্রপজিশন – আপনি আসলে কে, কী জানেন এবং কীভাবে ভিন্নভাবে মূল্য দিতে পারেন। আজকের দিনে লিংকডইন, ইউটিউব, এমনকি ফেসবুকও হতে পারে পারসোনাল ব্র্যান্ড গড়ে তোলার শক্তিশালী প্ল্যাটফর্ম।

চাকরির প্রবেশন সময়ে কী কী চ্যালেঞ্জে পড়তে হয়

ঢাকার এক তরুণ মার্কেটার তাসিন বলছিলেন, ‘আমি বিশ্ববিদ্যালয় শেষ করার পর বুঝলাম, শুধু সিভি দিয়ে হবে না। তাই ছোট ছোট প্রজেক্ট করলাম, সেটা লিংকডইনে শেয়ার করলাম। কয়েক মাসের মধ্যে অনেক বড় প্রতিষ্ঠানের নজরে এলাম। আজ আমি একটি বহুজাতিক কোম্পানিতে কাজ করছি।’
অন্যদিকে আইটি খাতের তাহমিদ বলেন, ‘শুরুতে ইন্টারভিউয়ে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছিলাম। পরে আমি প্রেজেন্টেশন স্কিল শিখলাম, টেকনিক্যাল ব্লগ লিখতে শুরু করলাম। এর পর থেকে পরিস্থিতি আমূল বদলে গেল।’

বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানের নিয়োগকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়

· কেবল ভালো রেজাল্ট এখন আর কোনো বাড়তি সুবিধা দেয় না।

· ডিজিটাল স্কিল, টিমওয়ার্ক ও নেতৃত্বের গুণাগুণকে অগ্রাধিকার দেওয়া হয়।

· যাঁদের অনলাইন উপস্থিতি শক্তিশালী, তাঁদের আলাদাভাবে নজরে আনা হয়।

একজন শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানির এইচআর ম্যানেজার নাহাদী বলেন, ‘আজকের তরুণেরা যদি নিজের ব্র্যান্ড তৈরি করতে না পারেন, তবে প্রতিযোগিতায় তাঁরা পিছিয়ে পড়বেন।’

কী কী স্কিল জরুরি
আজকের করপোরেট জগতে টিকে থাকতে তরুণদের যেসব স্কিল অর্জন জরুরি—
১. যোগাযোগদক্ষতা: স্পষ্টভাবে কথা বলা ও লেখা।
২. টিমওয়ার্ক ও নেতৃত্ব: দলকে অনুপ্রাণিত ও পরিচালনা করা।
৩. ডিজিটাল স্কিল: ডেটা বিশ্লেষণ, সোশ্যাল মিডিয়া ও এআই ব্যবহার।
৪. সমস্যা সমাধান: চাপের মধ্যে দ্রুত সিদ্ধান্ত নেওয়া।
৫. আবেগপ্রবণ বুদ্ধিমত্তা: রাগ নিয়ন্ত্রণ ও সহকর্মীর অনুভূতি বোঝা।
৬. সৃজনশীলতা: ভিন্নভাবে চিন্তা ও নতুন আইডিয়া উপস্থাপন।

তরুণদের করণীয়

· অনলাইন কোর্স ও ট্রেনিং নিয়ে নতুন দক্ষতা শেখা।

· পাবলিক স্পিকিং ও প্রেজেন্টেশনের অনুশীলন করা।

· নেটওয়ার্কিংয়ের মাধ্যমে প্রফেশনাল সম্পর্ক তৈরি করা।

· সামাজিক যোগাযোগমাধ্যমে কাজ শেয়ার করা।

· ব্লগ বা ভিডিওর মাধ্যমে নিজের আইডিয়া তুলে ধরা।

যুক্তরাষ্ট্রের লিংকডইনের এক জরিপ বলছে, শীর্ষ ১০টি চাহিদাসম্পন্ন স্কিলের মধ্যে ৭টিই সফট স্কিল। সিঙ্গাপুরে বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করার পর অন্তত ৬০ শতাংশ তরুণ তাঁদের সিভির পাশাপাশি অনলাইন প্রোফাইল ব্যবহার করেন চাকরি খোঁজার সময়।
ভারতে অনেক কোম্পানি প্রার্থীর ইউটিউব বা লিংকডইনের কাজ দেখে সিদ্ধান্ত নেয়। করপোরেট দুনিয়ায় এখন আর ‘সার্টিফিকেট + ভালো সিভি যথেষ্ট নয়। টিকে থাকতে হলে চাই সার্টিফিকেট + স্কিল পারসোনাল ব্র্যান্ড।

তরুণদের এখনই ঝাঁপিয়ে পড়তে হবে নতুন কিছু শিখতে, নিজের পরিচিতি গড়ে তুলতে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেকে তুলে ধরতে। কারণ, করপোরেট জগতে সাফল্যের সংজ্ঞা বদলে গেছে। সেখানে চাকরি পাওয়া নয়; বরং ভিড়ের মধ্যে নিজেকে আলাদাভাবে প্রমাণ করাটাই আসল চ্যালেঞ্জ।

হেড অব বিজনেস, পারটেক্স স্টার গ্রুপ

Read full story at source