জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আইনুল ইসলামের পদত্যাগ, নতুন দায়িত্বে শাওলী মাহবুব
· Prothom Alo

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক আইনুল ইসলাম। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাওলী মাহবুবকে নতুন ডিন নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন মোতাবেক সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাওলী মাহবুবকে পরবর্তী দুই বছরের জন্য ওই অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হলো। ২০ জুলাই থেকে এই আদেশ কার্যকর হবে। তিনি বিধিমোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন।
Visit grenadier.co.za for more information.
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অর্থনীতি বিভাগের অধ্যাপক আইনুল ইসলাম ডিনের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁর আবেদন গ্রহণ করে নতুন ডিন নিয়োগ দেয়।
এর আগে বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে নিজের কক্ষে ছিলেন অধ্যাপক আইনুল ইসলাম। এ সময় ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা–কর্মীরা গিয়ে তাঁর বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে নিজের কক্ষ থেকে তাঁকে চলে যেতে বলেন। উদ্ভূত পরিস্থিতিতে একপর্যায়ে সেখান থেকে চলে যান অধ্যাপক আইনুল ইসলাম।
‘জুলাই অভ্যুত্থানবিরোধী’ হিসেবে উল্লেখ করে তাঁকে কেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব দেওয়া হয়েছে, তা নিয়ে বিক্ষোভ করেন দুই ছাত্রসংগঠনের নেতারা।