রাজধানীর যাত্রাবাড়ীতে ২৮ লাখ টাকা মূল্যের গাঁজা উদ্ধার, একজন গ্রেপ্তার
· Prothom Alo

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৮ লাখ টাকা মূল্যের গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসব গাঁজা ২৮টি পলিথিনের প্যাকেটে ছিল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রমজান চৌধুরী (২০)। তাঁর বাড়ি কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলী এলাকায়।
Visit somethingsdifferent.biz for more information.
আজ শনিবার সকাল পৌনে সাতটার দিকে যাত্রাবাড়ীর দোলাইর পাড় মোড়ের টুঙ্গিপাড়া এক্সপ্রেস কাউন্টারের সামনে থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে একটি টাটা মোটরসের নীল রঙের পিকআপে তল্লাশি চালিয়ে ২৮টি পলিথিনের প্যাকেটে রাখা ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় রমজান চৌধুরীর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।