পতাকা দেখে ১৯৫ দেশের নাম লিখে রাফানের রেকর্ড
· Prothom Alo
ছোটবেলা থেকেই দেশের মানচিত্র, পতাকা দেখতে ভালো লাগত রাফান মাশরুর হকের। একটি দেশের নাম থেকে আরেক দেশের নাম, এক দেশের সীমানা থেকে আরেক দেশের সীমানা কিংবা এক পতাকার নকশা থেকে অন্য পতাকার নকশা—ছোটবেলা থেকেই এসব আকৃষ্ট করত রাফানকে।
সেই কৌতূহল থেকেই ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশ, তাদের অবস্থান ও পতাকা সম্পর্কে তাঁর জ্ঞান বাড়তে থাকে। সেই আগ্রহই এবার তাঁকে এনে দিয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি।
Visit extonnews.click for more information.
ঝিনাইদহ ক্যাডেট কলেজের শিক্ষার্থী রাফান সম্প্রতি এসএসসি পাস করেছে। স্পোরকল নামের একটি অ্যাপে পতাকা দেখে জাতিসংঘ স্বীকৃত বিশ্বের ১৯৫টি দেশের নাম সবচেয়ে দ্রুত টাইপ করে এশিয়া বুক অব রেকর্ডসে সে রেকর্ড গড়েছে। ল্যাপটপে সব দেশের নাম লিখতে তাঁর সময় লেগেছে মাত্র ৮ মিনিট ১ সেকেন্ড।
রাফান জানায়, ‘বিভিন্ন দেশের নাম, অবস্থান ও পতাকা সম্পর্কে জানার কৌতূহল থেকেই নিয়মিত মানচিত্র দেখতাম এবং দেশগুলোর সম্পর্কে জানতাম। পরে মনে হলো, এই আগ্রহকে একটি ভিন্ন ধরনের চ্যালেঞ্জে পরিণত করা যায়।’
প্রথমে এ ধরনের আগের রেকর্ডগুলো সম্পর্কে খোঁজ নেয় রাফান। এরপর নতুন রেকর্ডের জন্য নিয়মিত অনুশীলন শুরু করে। পতাকা দেখেই দ্রুত দেশের নাম শনাক্ত করার দক্ষতা বাড়াতে স্পোরকলে বারবার অনুশীলন করে। সময়ের সঙ্গে সঙ্গে বাড়াতে থাকে গতি, আরও নিবিড় হয় প্রস্তুতি।
প্রস্তুতি শেষ হলে এশিয়া বুক অব রেকর্ডসে নিবন্ধন করে রাফান। ১৭ বছর বয়সে বিশ্বের ১৯৫টি দেশের পতাকা দেখে মাত্র ৮ মিনিট ১ সেকেন্ডে সেগুলোর নাম টাইপ করে গড়ে নতুন রেকর্ড। ১৪ জুলাই রেকর্ডটি নিশ্চিত করে এশিয়া বুক অব রেকর্ডস।
ছোটবেলায় মানচিত্রের দিকে কৌতূহলী চোখে তাকানো থেকে শুরু হয়েছিল রাফানের পথচলা। সেই কৌতূহল, নিয়মিত অনুশীলন আর দ্রুত শেখার আগ্রহই এখন তাঁকে এনে দিয়েছে রেকর্ডের স্বীকৃতি।
৩৭টি ভাত খেয়ে বাংলাদেশের সুমাইয়া যেভাবে গিনেস রেকর্ড করলেন