নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি কমিক বই পড়ানো হবে পশ্চিমবঙ্গের শিশু স্কুলে
· Prothom Alo

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনের নানা গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং তাঁর বিভিন্ন উল্লেখযোগ্য কাজ সম্পর্কে শিশুদের সচেতন করতে প্রকাশিত হতে চলেছে একটি বাংলা কমিক বই। পশ্চিমবঙ্গের প্রায় ১ লাখ ১৯ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাঠরত প্রায় ৬৯ লাখ শিশুর হাতে এই বই তুলে দেওয়ার পরিকল্পনা করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্যের বিজেপি সরকার। অঙ্গনওয়াড়ি শিশুকেন্দ্রে গ্রামীণ শিশুদের একেবারে প্রাথমিক স্তরের পড়াশোনার পাশাপাশি পুষ্টি বাড়াতে খাবারদাবার দেওয়া হয়।
সম্প্রতি রাজ্য সরকারের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা পশ্চিমবঙ্গের গণমাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর জীবন আলেখ্য থাকা এই কমিক বইয়ে নরেন্দ্র মোদির গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়া থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন এবং তাঁর নেতৃত্বে জাতীয় অর্থনৈতিক উন্নতির নানা চিত্র তুলে ধরা হবে। বইটিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বিশ্ব অর্থনীতিতে তৃতীয় বৃহৎ রাষ্ট্র হিসেবে ভারতের উত্তরণের ঘটনাবহুল যাত্রা।
Visit freshyourfeel.com for more information.
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিবালয় নবান্ন সূত্রে আরও জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত আয়োজিত ‘সেবা সংকল্প’ প্রচার অভিযানের অংশ হিসেবে এই কমিক বই বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির মেয়াদকালে শুরু হওয়া কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো থেকে সাধারণ মানুষ কীভাবে লাভবান হয়েছে, তা সবিস্তারে নথিবদ্ধ করবেন রাজ্য সরকারের কর্মীরা।
রাজ্য নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, এই প্রচার অভিযান চলার সময় তিনটি নির্দিষ্ট দিনে শিশুদের মধ্যে প্রধানমন্ত্রীর জীবনকাহিনি–সংবলিত কমিক বইটি বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে এই বইগুলো ছাপা হচ্ছে এবং খুব শিগগির সেগুলো এসে সরকারি দপ্তরে পৌঁছালে বিতরণের তারিখ চূড়ান্ত করা হবে। নির্ধারিত দিনে যাতে সব ছাত্রছাত্রী উপস্থিত থাকে, সে ব্যাপারে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে আগে থেকেই বিস্তারিত সময়সূচি জানিয়ে দেওয়া হবে।
এর আগে ২০১৪ সালে লোকসভা নির্বাচনী প্রচার শুরু হওয়ার ঠিক আগে মার্চ মাসে প্রকাশিত হয়েছিল নরেন্দ্র মোদির শৈশবগাথা অনুসারে তৈরি কমিক বই ‘বাল নরেন্দ্র: চাইল্ডহুড স্টোরিজ অব নরেন্দ্র মোদি’। বইটির নির্মাতা আহমেদাবাদের ‘ব্লু স্নেইল অ্যানিমেশন’ এবং প্রকাশক রানাডে প্রকাশন। ৪৫-৪৮ পৃষ্ঠার এই কমিক বইটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছোটবেলার ১৭টি বাস্তব ঘটনা ও সাহসিকতার গল্প সচিত্র আকারে তুলে ধরা হয়েছিল। বইয়ে উল্লেখিত কাহিনির তালিকায় ছিল শিশু মোদির নদী থেকে কুমিরের বাচ্চা ধরা এবং ডুবন্ত ছেলেকে উদ্ধার করার মতো রোমহর্ষক ঘটনাপঞ্জি। তবে বইটি ‘অত্যন্ত বিরক্তিকর এবং শিশুমনে ন্যূনতম আগ্রহ সৃষ্টি করতে ব্যর্থ’ বলে মন্তব্য করেছিলেন গ্রন্থ সমালোচকদের একাংশ।