প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির মামলায় জামিনের দুই দিন পর আদেশ বাতিল
· Prothom Alo

সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তামার তার চুরির মামলায় রঞ্জন চন্দ্রের (২৬) জামিন বাতিল করেছেন আদালত। জামিন আদেশের দুই দিন পর রোববার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৬-এর বিচারক মো. সাদেকীন হাবিবের আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন বাতিল করে আদেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার এই আসামিকে ১০ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেছিলেন আদালত।
Visit likesport.biz for more information.
প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী পারেমল চন্দ্র বর্মন। তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার জামিন দিয়েছিলেন আদালত। আজ শুনি জামিন নামঞ্জুর করে আদেশ দিয়েছেন।’ এর আগে গত মাসে এ মামলায় আরও দুই আসামি জামিন পেয়েছেন। রঞ্জন চন্দ্র এখনো কারামুক্ত হননি।
এ মামলার অভিযোগে বলা হয়, গত ২২ মে সকাল ১০টা থেকে ১ জুন সকাল ১০টার মধ্যে যেকোনো সময় সচিবালয়ের পুরোনো ভবন ১, ২ ও ৩-এর ছাদ থেকে বিটিসিএলের তামার তার চুরি হয়। চুরি হওয়া সরকারি কেব্লের দৈর্ঘ্য প্রায় ১১০ মিটার এবং এর বাজারমূল্য প্রায় ১ লাখ ৫ হাজার টাকা।
এ ঘটনায় বিটিসিএলের জুনিয়র সহকারী ব্যবস্থাপক (কারিগরি) মো. ফয়সাল কবীর শাহবাগ থানায় একটি চুরির মামলা করেন। মামলা তদন্তের সময় সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ৪ জুন সচিবালয় এলাকা থেকে আউটসোর্সিংয়ের কর্মী রঞ্জন চন্দ্র (২৬) ও ভাঙারি ব্যবসায়ী রিজাকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালত তাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রঞ্জন চুরির কথা স্বীকার করেন। তিনি চুরি করা কেব্ল থেকে তামা বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনে ‘মেসার্স ভাই ভাই ট্রেডার্স’ নামের একটি ভাঙারির দোকানে বিক্রি করেছিলেন। রঞ্জনের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই তামার ক্রেতা হিসেবে মাহাবুব হাসানকে গ্রেপ্তার করা হয়। রিজাকুল ইসলাম ও মাহাবুব হাসান জামিন পেয়েছেন।