স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-ভাঙচুর: জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান ডিএনসিসি প্রশাসক
· Prothom Alo
রাজধানীর মিরপুর-১-এ স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।
শনিবার রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান। শফিকুল ইসলাম খান বলেন, একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে শুধু প্রত্যক্ষ হামলাকারীদের নয়, পরিকল্পনাকারী, নির্দেশদাতা এবং নেপথ্যে জড়িত ব্যক্তিদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান।
Visit moryak.biz for more information.
শফিকুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির রাজনৈতিক, সামাজিক কিংবা অন্য কোনো পরিচয় থাকলেও তা আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বিবেচ্য হতে পারে না। কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, পরিচয় বা ক্ষমতার কারণে কাউকে ছাড় দেওয়া উচিত নয়। আইনের দৃষ্টিতে সবাই সমান।
ডিএনসিসি প্রশাসক আরও বলেন, এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। পাশাপাশি মিরপুর বিভাগের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তদন্ত যাতে কোনোভাবে প্রভাবিত না হয় এবং অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিশ্চিত হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শফিকুল ইসলাম খান বলেন, ‘অপরাধী যে-ই হোক, যে পরিচয়ই বহন করুক, অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ও যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ধরনের আপসের সুযোগ নেই।’
যেভাবে হামলা ও ভাঙচুর
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি হামলা চালান বলে অভিযোগ ওঠে। তাঁদের হাতে দেশি অস্ত্র ছিল বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়। হামলকারীরা সেখানে থাকা দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে ভাঙচুর ও লুটপাট চালান। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, টিকা, টাকা ও অন্যান্য মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।
ঘটনার পর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের পক্ষ থেকে শাহ আলী থানায় মামলা করা হয়েছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের অভিযোগ, জায়গাটি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে একটি পক্ষ চেষ্টা করে আসছিল।
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি দীর্ঘদিন ধরে মিরপুর এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটিতে শিশুদের টিকাদান, শিশু স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন সেবা দেওয়া হতো।