ভাঙচুর–লুণ্ঠনে জড়িতদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাড্ডা সেন্টার পুনর্নির্মাণের দাবি সিপিবির
· Prothom Alo

রাজধানীর মিরপুরে রাড্ডা সেন্টারে ভাঙচুর ও লুণ্ঠনের সঙ্গে জড়িতদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই অর্থে স্বাস্থ্যকেন্দ্রটি পুনর্নির্মাণ করার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
আজ সোমবার মিরপুর-১ নম্বরে রাড্ডা সেন্টারের সামনে বিক্ষোভ সমাবেশ করে এই দাবি জানায় দলটি। দলের ঢাকা মহানগর উত্তর শাখা এই বিক্ষোভের আয়োজন করে।
Visit extonnews.click for more information.
সমাবেশে বক্তারা রাড্ডা সেন্টার অবিলম্বে পুনর্নির্মাণের পাশাপাশি ভাঙচুর ও লুণ্ঠনের সঙ্গে জড়িত ব্যক্তিদের এবং এর পেছনের ক্রীড়নকদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। বক্তারা বলেন, জনগণের করের টাকায় রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণ করা যাবে না। যারা এই ভাঙচুর ও লুণ্ঠনের সঙ্গে জড়িত এবং এর পেছনে যারা রয়েছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই অর্থে রাড্ডা সেন্টার পুনর্নির্মাণ করতে হবে।
এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠান দখলদারত্বের উদ্দ্যেশ্যে ভাঙচুর ও লুণ্ঠনের ঘটনায় সরকার কোনোভাবেই দায় এড়াতে পারে না বলে বক্তারা মনে করেন। তাঁরা বলেন, পুলিশের উপস্থিতিতে এ ধরনের ন্যক্কারজনক হামলা দেশের মানুষকে ক্ষুব্ধ করেছে।
সিপিবির ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সমাবেশে সভাপতিত্ব করেন। দলের ঢাকা মহানগর উত্তরের সম্পাদকমণ্ডলীর সদস্য ফেরদৌস আহমেদ উজ্জ্বলের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে সিপিবির মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লুনা নূর, সম্পাদকমণ্ডলীর সদস্য লাকী আক্তার, মোতালেব হোসেন প্রমুখ বক্তব্য দেন।