শেখ হাসিনাকে ঢোল-মৃদঙ্গ বাজিয়ে বরণ করা হবে, কারা ভাবছে, প্রশ্ন রিজভীর
· Prothom Alo

শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে ঢোল বাজিয়ে, মৃদঙ্গ বাজিয়ে সংবর্ধনা দিয়ে বরণ করা হবে, এমনটা কারা ভাবছে, সেই প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তাঁকে সংবর্ধনা দেওয়া হবে, এমন ধারণা যাঁদের মধ্যে রয়েছে, তাঁরা বাংলাদেশের মানুষের মনোভাব বোঝেন না।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রুহুল কবির রিজভী। আজ সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
Visit een-wit.pl for more information.
রুহুল কবির রিজভী বলেন, ‘আহনাফ, মুগ্ধ, আবু সাঈদ—এঁদের রক্ত পান করে যিনি দেশ থেকে পালিয়েছেন, তিনি পাসপোর্ট পাবেন, তিনি এনআইডি পাবেন, তিনি আবার দেশে ফিরে আসবেন, আর তাঁকে ঢোল বাজাতে বাজাতে, মৃদঙ্গ বাজাতে বাজাতে সংবর্ধনা দিয়ে তিনি নামবেন, এটা কারা ভাবছে?’
বাংলাদেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠলে প্রবল প্রতিরোধ গড়ে তোলে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আর ওই গর্জনে শেখ হাসিনা কেন, তাঁর মদদদাতা দাদারা কেউ কিছু করতে পারবে না।’
বক্তব্যে ৭ নভেম্বরকে অন্যায়, দুঃশাসন ও সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে জেগে ওঠার দিন হিসেবে উল্লেখ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের চেতনা থেকেই ১৯৯০ সালের গণ-অভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থান প্রেরণা পেয়েছে।
১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালিত হয়নি বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। রিজভী বলেন, পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের অন্যতম উদ্দেশ্য ছিল গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা। কিন্তু স্বাধীনতার পর ক্ষমতাসীনেরা আজীবন ক্ষমতায় থাকার চেষ্টা করেছেন। তাঁদের ঘনিষ্ঠ ব্যক্তিরাই রাষ্ট্র পরিচালনা করতেন এবং বিরোধীদের দমন করা হতো। সে সময় রক্ষীবাহিনী গঠন করে বিরোধীদের ওপর নির্যাতন ও হত্যা চালানোর অভিযোগ করেন রুহুল কবির রিজভী।
১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড এবং পরবর্তী রাজনৈতিক অস্থিরতার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, সে সময় ক্ষমতাসীনদের অভ্যন্তরীণ বিরোধ ও পাল্টাপাল্টির মধ্য দিয়ে দেশে নৈরাজ্য তৈরি হয়েছিল। এরপর ৩ থেকে ৬ নভেম্বর পর্যন্ত দেশে অনিশ্চয়তা বিরাজ করে। ৭ নভেম্বর সিপাহি-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বন্দিদশা থেকে মুক্ত হন তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রে আসার পর দেশে আবার কথা বলার স্বাধীনতা, নাগরিক স্বাধীনতা ও রাজনৈতিক দল গঠনের সুযোগ তৈরি হয়। তিনি বলেন, খাল খনন, বিদেশে শ্রমিক পাঠানো এবং তৈরি পোশাকশিল্পের বিকাশে জিয়াউর রহমানের অবদান রয়েছে।
জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর তাঁর স্ত্রী খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দেন উল্লেখ করে রিজভী বলেন, ৯ বছরের কঠোর সংগ্রামের মধ্য দিয়ে এরশাদের পতন ঘটে। এরপর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসে এবং দেশে গণতন্ত্রের ধারা শুরু হয়।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খানসহ অনেকে।