টানা পাঁচ দফায় সোনার দাম কমল ভরিতে ১২ হাজার টাকা
· Prothom Alo
দেশের বাজারে আবার কমেছে সোনার দাম। বৈশ্বিক বাজারে দরপতনের কারণে দেশে টানা পাঁচ দফায় ভরিতে সোনার দাম কমেছে ১২ হাজার ৭২ টাকা। আজ শনিবার কমেছে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকাল ১০টায় সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে। এর আগে গত ৬ ও ১১ নভেম্বর দুই দফায় ভরিতে ২ হাজার ৭৪১ টাকা করে মোট ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়। এরপর গত বৃহস্পতিবার কমে ২ হাজার ২১৬ টাকা এবং গতকাল শুক্রবার কমে ২ হাজার ১৫৮ টাকা।
Visit biznow.biz for more information.
টানা পাঁচ দফায় দাম কমায় আজ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। ২১ ক্যারেটের দাম হয়েছে ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা। ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা আর সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।
সোনার এই দাম ১ নভেম্বরের পর সর্বনিম্ন। তবে নভেম্বরের শুরুতে (২ থেকে ৫ নভেম্বর) সোনার দাম প্রায় ১২ হাজার টাকা বেড়ে ২ লাখ ২৯ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল।
সোনার দাম কমানোর কারণ হিসেবে বাজুস জানিয়েছে, দেশে তেজাবি সোনার (খাঁটি সোনা) দাম কমেছে। তবে এর পেছনে বৈশ্বিক বাজারে সোনার দরপতনও ভূমিকা রেখেছে। গতকাল আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম কমেছে ৩ ডলার ৪১ সেন্ট। আজ সকাল ১০টা ৫০ মিনিটে প্রতি আউন্স সোনার দাম ছিল ৩ হাজার ৮৭৮ ডলার। গত এক মাসে প্রতি আউন্স সোনার দাম কমেছে ২৬৭ ডলার; গত ছয় মাসে কমেছে ৭৯৫ ডলার।
এদিকে আজ দেশের বাজারে সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা।
বাজুস জানিয়েছে, সোনা ও রুপার নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত রয়েছে। ফলে অলংকার বিক্রির সময় জুয়েলারি প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করতে পারবে না।