‘সরি’ বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়

· Prothom Alo

‘তোমার তো আমার কাছে ক্ষমা চাওয়া উচিত!’

Visit syntagm.co.za for more information.

কেউ কষ্ট দিলে বা হতাশ করলে এ কথা বলেননি, এমন মানুষ কমই আছে। ধরা যাক, ধানমন্ডির একটি ক্যাফেতে দুপুরে দেখা করার কথা ছিল মিথিলা আর তাঁর বন্ধু সাদিয়ার। মিথিলা এক ঘণ্টা বসে থাকলেন, সাদিয়া এলেন না। পরে ফোনে এক লাইনে বললেন, ‘সরি রে, ভুলে গিয়েছিলাম!’ তারপর অন্য প্রসঙ্গে চলে গেলেন।

ক্ষমা চাওয়া তো ঘটে যাওয়া ঘটনা বদলাতে পারে না। হারানো দুপুরটাও ফিরিয়ে দিতে পারে না। তাহলে ‘সরি’ শব্দটির এত ক্ষমতা কেন?
গবেষণা বলছে, আমরা আসলে হয়তো শুধু অনুশোচনার প্রকাশ চাই না। আমরা চাই, অন্য পক্ষ স্বীকার করুক সে কী করেছে এবং বুঝুক বিষয়টি আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ।

ক্ষমা চাওয়া মানে অতীত মুছে ফেলা নয়
ক্ষমা চাওয়ার কাজ ইতিহাস নতুন করে লেখা নয়। ক্ষমা চাওয়া বরং ঘটনাটিকে মেনে নেয়। অপরাধটিকে এড়িয়ে না গিয়ে ক্ষতি করা মানুষটি তা স্বীকার করেন। যেমন, ‘সরি রে, ভুলে গিয়েছিলাম!’-র বদলে যদি বলা হয়, ‘তোকে এক ঘণ্টা বসিয়ে রেখেছি বলে আমি সরি।’

দ্বিতীয় বাক্যটিতে ঘটনার স্বীকৃতি আছে। প্রশ্ন হলো, এই স্বীকৃতি এত গুরুত্বপূর্ণ কেন?

মাত্রার ব্যবধান
আমরা সাধারণত আশা করি না যে কেউ আমাদের সঙ্গে খারাপ আচরণ করবে। তাই তা ঘটলে ধাক্কা লাগে। বন্ধু শেষ মুহূর্তে পরিকল্পনা বাতিল করলে মনে হতে পারে, সে হয়তো আমাকে বা আমার সময়কে মূল্য দেয় না। এমনকি নিজেকেও প্রশ্ন করা যায়, দোষটা কি আমারই, নাকি আমি এমন আচরণের যোগ্য?

এরপর বন্ধু যদি শুধু একটি ‘সরি!’ বলে সঙ্গে সঙ্গে প্রসঙ্গ পাল্টে ফেলে, সমস্যা তখন আর আগের ঘটনায় সীমাবদ্ধ থাকে না। তখন মনে হতে পারে, সে বুঝতেই পারছে না আমি কেন কষ্ট পেয়েছি, কিংবা বুঝলেও পাত্তা দিচ্ছে না।

সামাজিক মনোবিজ্ঞানী রয় বাউমেইস্টার ১৯৯৭ সালে এই অসংগতির নাম দিয়েছেন ‘ম্যাগনিচিউড গ্যাপ’ বা মাত্রার ব্যবধান। অনেক ক্ষেত্রেই যিনি আঘাত পেয়েছেন এবং যিনি আঘাত দিয়েছেন, তাঁরা ঘটনাটিকে একই মাত্রায় দেখেন না। আঘাত পাওয়া মানুষ সাধারণত ঘটনাকে বেশি গুরুতর ও দীর্ঘস্থায়ী মনে করেন। যিনি ক্ষতি করেছেন, তিনি তা তুলনামূলক ছোট করে দেখেন।

এ কারণেই অনেক ক্ষমা কাজে লাগে না। আঘাত পাওয়া মানুষটি চান স্বীকৃতি, স্পষ্টতা এবং এই নিশ্চয়তা যে তিনি খারাপ আচরণের যোগ্য ছিলেন না। অন্যদিকে ক্ষতি করা মানুষটি হয়তো দোষ, রাগ বা দায় এড়াতেই বেশি ব্যস্ত থাকেন। সম্পর্ক জোড়া লাগাতে হলে ক্ষমা চাওয়াকে এই ব্যবধান কমাতে হয়। আর দেখা যাচ্ছে, ‘সরি’ শব্দটিই এখানে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ অংশ হতে পারে।

ক্ষমা চাওয়ার মধ্যে আসলে কী চাওয়া হয়
২০০৬ সালে ইটন ও তাঁর সহকর্মীরা একাধিক পরীক্ষা চালিয়েছেন। তাঁরা দেখতে চেয়েছিলেন, নিজের অভিজ্ঞতাকে অন্য কেউ বুঝছে ও স্বীকার করছে, এই অনুভূতি ক্ষমা করার ইচ্ছাকে কীভাবে প্রভাবিত করে।

তাঁরা একটি অনলাইন গেম তৈরি করেন। সেখানে অংশগ্রহণকারীরা এক প্রতিপক্ষের বিরুদ্ধে খেলেন, যে তাঁদের সঙ্গে অন্যায্য আচরণ করে হারিয়ে দেয়। খেলার পর প্রতিপক্ষ চারটি বার্তার একটি পাঠায়—
· সাধারণ ক্ষমা প্রার্থনা (আমি সরি)
· ঘটনার স্বীকৃতি (আমি তোমার সঙ্গে অন্যায্য আচরণ করেছি)
· ক্ষমা প্রার্থনা ও স্বীকৃতি, দুটোই
· ক্ষমা প্রার্থনা বা স্বীকৃতি, কোনোটিই নয়

এরপর গবেষকেরা বিচার করেন, অংশগ্রহণকারীরা কতটা স্বীকৃতি অনুভব করেছেন এবং প্রতিপক্ষকে ক্ষমা করতে কতটা রাজি।

প্রত্যাশা অনুযায়ী প্রতিপক্ষ কিছু না বললে স্বীকৃতির অনুভূতি ও ক্ষমা করার ইচ্ছা, দুটোই কম ছিল। শুধু ‘আমি সরি’ শোনাও খুব একটা কাজে আসেনি। সবচেয়ে ভালো ফল পাওয়া গেছে তখন, যখন প্রতিপক্ষ অন্যায়টি স্বীকার করেছে। তখন অংশগ্রহণকারীরা বেশি স্বীকৃতি অনুভব করেছেন, আর এই অনুভূতি বেশি ক্ষমা করার সঙ্গে যুক্ত ছিল। উল্লেখযোগ্য বিষয় হলো, এই পরীক্ষায় প্রতিপক্ষ ‘সরি’ বলল কি না, তাতে বড় পার্থক্য দেখা যায়নি।

কারণ, স্বীকৃতি অভিন্ন বাস্তবতার অনুভূতি তৈরি করে। অর্থাৎ কী ঘটেছে, সে বিষয়ে দুই পক্ষ একই জায়গায় আছে, এই বোধ। এ কারণেই ‘তুই রাগ করেছিস বলে সরি’ বা ‘আমার কথায় কষ্ট পেয়ে থাকলে সরি’ ধরনের কথা বিশেষ কাজ করে না। এসব কথায় বোঝা যায় না, মানুষটি আসলেই বুঝেছেন অন্যজন কেন কষ্ট পেয়েছেন। অথচ ক্ষমা করার পথে এগোনোর সম্ভাবনা সবচেয়ে বেশি এই স্বীকৃতিরই।

শরীর ক্লান্ত নয়, তবু মস্তিস্কে ক্লান্তি লাগে কেন

দায় নেওয়া
কেউ ক্ষমা চাইলে আমরা সাধারণত বিস্তৃত অনুশোচনার প্রদর্শনী চাই না। আবার কেবল ‘সরি’ শব্দটিও বেশির ভাগ সময় যথেষ্ট হয় না। আমরা চাই, যে কষ্ট দিয়েছে, সে কী করেছে তা মেনে নিক এবং তার দায় নিক। ২০১৬ সালে লিউইকি ও সহকর্মীদের গবেষণা অনুযায়ী, কার্যকর ক্ষমা প্রার্থনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর একটি হলো দায় নেওয়া।

দায় নেওয়া এই ব্যবধান কমাতে সাহায্য করে। অন্যায় ও তার প্রভাব স্বীকার করলে বোঝা যায়, ক্ষতি করা মানুষটি অন্যের অভিজ্ঞতা বুঝতে পারছেন। এতে ক্ষতিকারীর নিজেকে রক্ষা করার তাগিদ আর আহত মানুষের স্বীকৃতি পাওয়ার প্রয়োজনের মধ্যকার দূরত্ব কমে। সম্পর্কের প্রকৃত মেরামত শুরু হয় সেখান থেকেই।

কাউকে স্বীকৃতি দেওয়ার অর্থ তাঁর সব কথায় একমত হওয়া নয়। ঘটনার খুঁটিনাটি নিয়ে দুজনের মতভেদ থাকতে পারে। তবু কাজটি যে কষ্টদায়ক বা বিবেচনাহীন ছিল, তা মেনে নেওয়া যায়।

স্বীকৃতি সবকিছু ঠিক করে দেওয়ার জাদুকাঠি নয়, তবে একটি শুরু। ক্ষতি গুরুতর হলে বিশ্বাস পুরোপুরি ফিরিয়ে আনতে আন্তরিক অনুশোচনা, ক্ষতিপূরণ এবং আচরণ বদলানোর প্রমাণও লাগতে পারে। কিন্তু ক্ষতিকারী যতক্ষণ না দেখান যে তাঁর কাজ কেন কষ্টদায়ক ছিল তা তিনি বুঝেছেন, ততক্ষণ সম্পর্কের পুনর্মিলনের সম্ভাবনা কম।

সূত্র: সাইকোলজি টুডে

Read full story at source