দম্পতিকে বেঁধে গ্যারেজ থেকে ৭২টি ব্যাটারি লুট, স্বামী নিহত

· Prothom Alo

গ্যারেজের ভেতর ঘুমিয়ে ছিলেন স্বামী-স্ত্রী। গভীর রাতে তালা ভেঙে ঢোকে একদল দুর্বৃত্ত। রশি দিয়ে দুজনকে বেঁধে ৭২টি ব্যাটারি, ১৬টি চার্জার ও দুটি অটোরিকশা লুট করে তারা। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর স্ত্রীর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এসে স্বামীকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গতকাল রোববার দিবাগত রাত ১২টার পর মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. অহিদুল্লাহ (৫৪)। তাঁর স্ত্রী ওসনা বেগম (২৮)। এ দম্পতি গ্যারেজের ভেতরেই ঘর করে থাকতেন।

Visit truewildgame.com for more information.

নিহত অহিদুল্লাহর বাড়ি কুমিল্লার দাউদকান্দি এলাকায়। ওসনা বেগমের বাড়ি কুড়িগ্রামে। কয়েক বছর আগে তাঁরা দুজন শ্রীনগরে আসেন। সেখানে তাঁদের পরিচয় হয় এবং পরে বিয়ে করেন। ওসনা বেগম অহিদুল্লাহর দ্বিতীয় স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো অহিদুল্লাহ ও তাঁর স্ত্রী গ্যারেজের ভেতরে ঘুমিয়ে ছিলেন। রাত ১২টার পর একদল দুর্বৃত্ত গ্যারেজের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে ওসনা বেগম তাঁর স্বামীকে ডেকে তোলেন। পরে দুর্বৃত্তরা রশি দিয়ে স্বামী-স্ত্রী দুজনকে বেঁধে ফেলেন। এরপর গ্যারেজে থাকা রিকশার ৭২টি ব্যাটারি, ১৬টি চার্জার ও দুটি অটোরিকশা লুট করে নিয়ে যায় তারা।

এ সময় অহিদুল্লাহ জ্ঞান হারান। পরে ওসনা বেগমের ডাক-চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে অহিদুল্লাহকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই ৯৯৯ নম্বরে ফোন পেয়ে শ্রীনগর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অহিদুল্লাহর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত প্রথম আলোকে বলেন, ঘটনাটি ডাকাতি বলেই মনে হচ্ছে। রাত তিনটার পর জানতে পেরে তখনই পুলিশ পাঠানো হয়। নিহত ব্যক্তির শরীরে কোথাও বাহ্যিক আঘাতের কোনো চিহ্ন ছিল না। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও লুট হওয়া মালামাল উদ্ধারে কাজ করছে পুলিশ।

Read full story at source